বুধবার , ২১ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

উৎসবের আমেজে মুখর প্যারিস, চলছে শারদীয় দুর্গোৎসব

Link Copied!

ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে উদ্‌যাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ বছর প্যারিসে ২৩টি অস্থায়ী পূজামণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। পূজাকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বিরাজ করছে আনন্দ, সম্প্রীতি ও উৎসবের আমেজ।

প্যারিস মহানগর পূজা উদ্‌যাপন পরিষদ ফ্রান্সের উদ্যোগে প্যারিসের উপকণ্ঠ ওভারভিলিয়ার্সের একটি হলরুমে স্থাপন করা হয়েছে অস্থায়ী পূজামণ্ডপ। সেখানে চলছে প্যারিসের অন্যতম বৃহৎ শারদীয় দুর্গাপূজার আয়োজন।

মহাঅষ্টমীতে ওই পূজামণ্ডপে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি সনাতন ধর্মাবলম্বী অংশ নেন। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ অন্য ধর্মাবলম্বী অসংখ্য দর্শনার্থীর উপস্থিতিতে পূজামণ্ডপটি হয়ে ওঠে প্রাণবন্ত।

পূজামণ্ডপ পরিদর্শনে আসেন বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব, আয়বার মহাসচিব কাজী এনায়াত উল্লাহ ইনু। এ সময় তিনি পূজামণ্ডপে অবস্থান করেন এবং আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

এদিকে ফ্রান্স বিএনপির পক্ষ থেকে সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের, সাবেক সহসভাপতি শাহ জামান ও রশীদ পাটয়ারি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা এবং জুনায়েদ আহমেদের নেতৃত্বে নেতাকর্মীরা প্যারিসের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এছাড়াও উপস্থিত ছিলেন মানবাধিকার সংগঠন এফডিএইচআর এর সাংগঠনিক সম্পাদক ও এক্টিভিষ্ট খালেদ মাহমুদ।

পূজাকে কেন্দ্র করে প্যারিসের অস্থায়ী পূজামণ্ডপগুলোতে চলছে পূজা-অর্চনা, ধর্মীয় আচার-অনুষ্ঠান ও নানা সাংস্কৃতিক আয়োজন। পরিবারের সদস্যদের নিয়ে বিভিন্ন বয়সী মানুষ পূজামণ্ডপে সমবেত হচ্ছেন। বিশেষ করে বিকেল থেকে দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। প্রবাসের ব্যস্ত জীবনে এ আয়োজন বাংলাদেশি সনাতন ধর্মাবলম্বীদের জন্য পরিণত হয়েছে এক মিলনমেলায়।

পূজামণ্ডপগুলোতে যথাযথ ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে দেবী দুর্গার আরাধনা করছেন ভক্তরা। পাশাপাশি চলছে শুভেচ্ছা বিনিময় ও পারস্পরিক সৌহার্দ্য বিনিময়। ধর্মীয় উৎসবকে ঘিরে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের উপস্থিতি প্রবাসে সম্প্রীতি ও সহাবস্থানের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি পূজার আয়োজনে রাখা হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পীদের পাশাপাশি বাংলাদেশ থেকে আমন্ত্রিত অতিথি শিল্পীরাও সংগীত পরিবেশন করছেন। বাংলা গান ও সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করতে বিকেল থেকেই পূজামণ্ডপে সমবেত হচ্ছেন দর্শনার্থীরা। শিল্পীদের পরিবেশনায় মুখর হয়ে উঠছে অনুষ্ঠানস্থল।

প্রবাসে বাংলা ভাষা, গান ও সংস্কৃতির চর্চা অব্যাহত রাখার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ধর্মীয় ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয় তুলে ধরতেও এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ফ্রান্সে বেড়ে ওঠা শিশু-কিশোর ও তরুণদের জন্য পূজামণ্ডপ হয়ে উঠেছে দেশের ঐতিহ্য, ধর্মীয় আচার ও সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গে পরিচিত হওয়ার গুরুত্বপূর্ণ ক্ষেত্র।

প্রবাসী বাংলাদেশিদের কাছে শারদীয় দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, বরং পারিবারিক ও সামাজিক বন্ধন নবায়নেরও উপলক্ষ। পূজাকে কেন্দ্র করে দীর্ঘদিন পর অনেকের সঙ্গে অনেকের দেখা-সাক্ষাৎ হচ্ছে। আনন্দ ভাগাভাগির পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যেও নিজেদের শিকড় ও ঐতিহ্য সম্পর্কে আগ্রহ তৈরি হচ্ছে।

ফ্রান্সে শারদীয় পূজা উদ্‌যাপন কমিটির অন্যতম নেতা শুভ্রত শুভ বলেন, নানা প্রতিকূলতা সত্ত্বেও এবারের পূজা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হচ্ছে। পূজায় কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করে তিনি তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, ১৬ অক্টোবর শুক্রবার শুরু হওয়া শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমীতে দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে। পূজার শেষ দিন পর্যন্ত বিভিন্ন পূজামণ্ডপে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও সাংস্কৃতিক আয়োজন অব্যাহত থাকবে।

সব মিলিয়ে প্যারিসে শারদীয় দুর্গাপূজা পরিণত হয়েছে প্রবাসী বাংলাদেশিদের ধর্মীয় আবেগ, সাংস্কৃতিক ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতির এক বর্ণাঢ্য মিলনোৎসবে।

শাহ রিয়ার রিজবি। ফ্রান্স প্রতিনিধি। ঢাকা ইনফো

শাহরিয়ার রিজবি একজন বাংলাদেশি সাংবাদিক, যিনি অনলাইন সংবাদমাধ্যম DhakaInfo24-এর সঙ্গে যুক্ত।Shahriar Rijvi is a Bangladeshi journalist working with DhakaInfo24.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});