যে স্লোগানে–কাজে পতিত ফ্যাসিবাদীরা উৎসাহিত হয়, তা এড়িয়ে চলা উচিত: রুহুল কবির রিজভী

মিথ্যাচার, অপপ্রচার ও কাল্পনিক রটনা দিয়ে কখনো সাফল্য অর্জন করা যায় না বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী।

যে স্লোগানে–কাজে পতিত ফ্যাসিবাদীরা উৎসাহিত হয়, তা এড়িয়ে চলা উচিত: রুহুল কবির রিজভী
সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর জিয়া উদ্যানে, ২৭ অক্টোবর ২০২৬

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কোনো রাজনৈতিক দল কৌশল হিসেবে কর্মসূচি দিতে পারে। তবে যে স্লোগান বা কর্মকাণ্ডে পতিত ফ্যাসিবাদীরা উৎসাহিত হয়, তা এড়িয়ে চলা উচিত বলে তিনি মনে করেন।

আজ মঙ্গলবার রাজধানীর জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রুহুল কবির রিজভী। জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়।

দেশে এখন ‘নির্ভয়ে ও নিঃসংকোচে’ গণতন্ত্রের চর্চা হচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি বলেন, দেশে গণতন্ত্রের চর্চা চলমান থাকায় যেকোনো রাজনৈতিক দল তাদের কর্মসূচি পালন করতে পারে।

মিথ্যাচার, অপপ্রচার ও কাল্পনিক রটনা দিয়ে কখনো সাফল্য অর্জন করা যায় না বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, যারা এ ধরনের পদ্ধতি অবলম্বন করে, তারা ইতিহাস থেকে মুছে যায়। অন্যদিকে যারা সত্য ও ন্যায়ের পক্ষে থাকে, ইতিহাসে তাদেরই স্থান হয়।

যুবদলের সংগ্রামী ভূমিকার কথা তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি বলেন, বহু আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে সংগঠনটি বিএনপির ইস্পাত কঠিন অগ্রবর্তী বাহিনী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যুবদল অগ্রণী ভূমিকা রেখেছে। দেশের জন্য, গণতন্ত্রের জন্য ও স্বাধীনতা রক্ষায় জাতীয়তাবাদী যুবদল যে ভূমিকা রেখেছে, তা ইতিহাসে অক্ষয় কীর্তি হয়ে থাকবে।

এ সময় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

সূত্র: প্রথম আলো · রাজনীতি