ডি-৮ সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এবং অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির (পিটিএ) রূপরেখা দ্রুত চূড়ান্ত ও বাস্তবায়নের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে পারস্পরিক শুল্ক সুবিধা বাড়ানো, বাণিজ্য বাধা দূর করা এবং জোটকে আরও কার্যকর করতে পুনর্গঠনের ওপর গুরুত্ব দিয়েছে ঢাকা।
সোমবার (২ নভেম্বর) তুরস্কের ইস্তাম্বুলে কমসেকের ৪২তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের ফাঁকে ডি-৮ মহাসচিব সোহাইল মাহমুদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের এ অবস্থান তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বৈঠকে সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য সম্প্রসারণে বিদ্যমান বাধা দূর করা এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি শুল্ক সুবিধা সম্প্রসারণ ও বাণিজ্য সহজ করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে ডি-৮ সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো জরুরি। এ জন্য মুক্ত বাণিজ্য চুক্তি ও অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির রূপরেখা দ্রুত চূড়ান্ত করে বাস্তবায়নে ডি-৮ সচিবালয়কে সক্রিয় ভূমিকা রাখতে হবে। এ ক্ষেত্রে সদস্য দেশগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোরও আহ্বান জানান তিনি।
এ ছাড়া ডি-৮ জোটের কার্যক্রম আরও ফলপ্রসূ করতে প্রাতিষ্ঠানিক সংস্কার ও পুনর্গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, জোটকে আরও কার্যকর করতে ফলাফলভিত্তিক কর্মপরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন।
জবাবে ডি-৮ মহাসচিব সোহাইল মাহমুদ সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও পারস্পরিক বাণিজ্য বাড়াতে বাংলাদেশের প্রস্তাব এবং আগ্রহ ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন।
বৈঠকে বাংলাদেশ ও ডি-৮ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কমসেকের ৪২তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশ নিতে বর্তমানে তুরস্ক সফর করছেন বাণিজ্যমন্ত্রী।
সূত্র: Daily Bangladesh · অর্থনীতি





