এআই সম্প্রসারণে বিনিয়োগকারীদের কাছ থেকে ২০ বিলিয়ন ডলার তুলছে ওরাকল

এআই সম্প্রসারণে বিনিয়োগকারীদের কাছ থেকে ২০ বিলিয়ন ডলার তুলছে ওরাকল

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবসা সম্প্রসারণ এবং ক্লাউড অবকাঠামো উন্নয়নে বিনিয়োগকারীদের কাছ থেকে ২০ বিলিয়ন ডলার সংগ্রহের উদ্যোগ নিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকল। ঋণপত্র ও নতুন শেয়ার বিক্রির মাধ্যমে এ অর্থ সংগ্রহ করবে প্রতিষ্ঠানটি। এআই ডেটা সেন্টার নির্মাণ ও ক্লাউড কম্পিউটিং সক্ষমতা বাড়াতে বিপুল অর্থ ব্যয়ের পরিকল্পনার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (২ নভেম্বর) যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থায় জমা দেওয়া নথিতে অর্থ সংগ্রহের এ পরিকল্পনার কথা জানিয়েছে ওরাকল। পরিকল্পনা অনুযায়ী, ১০ বিলিয়ন ডলারের নতুন শেয়ার বিক্রি এবং ১০ বিলিয়ন ডলারের বন্ড ছাড়বে প্রতিষ্ঠানটি। বন্ডগুলোর মেয়াদ ২০২৯ থেকে ২০৪৬ সাল পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তবে শেয়ার ও বন্ডের বিক্রয়মূল্য এবং সুদের হার এখনো চূড়ান্ত হয়নি।

ওরাকল জানিয়েছে, সংগৃহীত অর্থ মূলধনি ব্যয়, ঋণ পরিশোধ, অধিগ্রহণ, লভ্যাংশ প্রদান এবং নিজস্ব শেয়ার পুনরায় কেনাসহ বিভিন্ন করপোরেট কাজে ব্যবহার করা হতে পারে। তবে এআই ও ক্লাউড অবকাঠামো সম্প্রসারণই এ অর্থ সংগ্রহের অন্যতম প্রধান লক্ষ্য।

প্রতিষ্ঠানটি আগামী ২০৩০ অর্থবছরের মধ্যে বার্ষিক আয় ২২৫ বিলিয়ন ডলারের বেশি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। বর্তমানে এআই প্রযুক্তির চাহিদা বাড়ায় ডেটা সেন্টার নির্মাণ, উন্নত কম্পিউটিং প্রযুক্তি এবং ক্লাউড সেবায় বড় অঙ্কের বিনিয়োগ করছে ওরাকল।

গত ২৮ অক্টোবর বিনিয়োগকারীদের সঙ্গে এক বৈঠকে প্রতিষ্ঠানটি জানায়, চলতি ও পরবর্তী অর্থবছরে মূলধনি ব্যয় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। তবে ২০৩০ অর্থবছর পর্যন্ত এআই সম্প্রসারণে নতুন করে ২০ বিলিয়ন ডলারের বেশি অর্থ সংগ্রহ করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে তারা। এ অর্থের অর্ধেক আসবে শেয়ার বিক্রি থেকে এবং বাকি অর্ধেক ঋণের মাধ্যমে।

ওরাকলের প্রধান অর্থ কর্মকর্তা হিলারি ম্যাক্সন জানিয়েছেন, ২০২৮ অর্থবছরের দ্বিতীয়ার্ধে প্রতিষ্ঠানটির নগদ প্রবাহ ইতিবাচক হওয়ার প্রত্যাশা রয়েছে। ২০২৯ অর্থবছরে এ পরিমাণ ৩০ বিলিয়ন ডলার ছাড়াতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি।

তবে বিপুল ঋণ ও এআই অবকাঠামো খাতে ক্রমবর্ধমান ব্যয় নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ রয়েছে। গত ৩১ আগস্ট পর্যন্ত ওরাকলের মোট ঋণের পরিমাণ ছিল ১২৫ দশমিক ৩৪ বিলিয়ন ডলার। বিপরীতে ২০২৬ অর্থবছরে প্রতিষ্ঠানটির আয় ছিল ৬৭ দশমিক ৩৬ বিলিয়ন ডলার।

এদিকে অর্থ সংগ্রহের পরিকল্পনা ঘোষণার পর সোমবার শেয়ারবাজারে ওরাকলের শেয়ারের দাম প্রায় ৫ শতাংশ কমে যায়। চলতি বছর শুক্রবার পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ারের দর প্রায় ৩৩ শতাংশ কমেছিল। বিশ্লেষকদের মতে, এআই ব্যবসায় দ্রুত সম্প্রসারণের পাশাপাশি ঋণের বোঝা ও বিনিয়োগের বিপরীতে আয় নিশ্চিত করার বিষয়টি এখন ওরাকলের জন্য বড় চ্যালেঞ্জ।

সূত্র: রয়টার্স।

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

সূত্র: Daily Bangladesh · তথ্য-প্রযুক্তি