আমার সব সময় মনে হতো, এরপর রাজীবকে মেরে ফেলা হবে

গার্ডিয়ানের সঙ্গে সোনিয়া গান্ধীর সাক্ষাৎকার

আমার সব সময় মনে হতো, এরপর রাজীবকে মেরে ফেলা হবে
সোফায় রাখা নিজের নতুন বই; ভিডিওতে আত্মজীবনীমূলক গ্রন্থ ‘বিলোংগিং: আ জার্নি অব লাভ’ নিয়ে কথা বলছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী

ইতালির এক সাধারণ পরিবার থেকে এসে তিনি যুক্ত হয়েছিলেন ভারতের ক্ষমতার শীর্ষ পরিবারটির সঙ্গে। একে একে তাঁর শাশুড়ি ইন্দিরা গান্ধী এবং স্বামী রাজীব গান্ধী—উভয়ই নৃশংস হত্যার শিকার হন। বিরল এক সাক্ষাৎকারে প্রবীণ এই রাজনীতিবিদের মুখোমুখি দাঁড়িয়ে জানা গেল, তাঁর অনিচ্ছা সত্ত্বেও ক্ষমতায় আরোহণের কথা, নরেন্দ্র মোদির দমনমূলক শাসনব্যবস্থা প্রসঙ্গে তাঁর মতামত এবং তরুণ প্রজন্মের আন্দোলন কেন তাঁকে ভবিষ্যতের আশার আলো দেখাচ্ছে।

আধুনিক ভারতের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুহূর্তগুলোর সাক্ষী হলেও সোনিয়া গান্ধী সংকোচ নিয়েই দাবি করতে ভালোবাসেন যে তাঁর জীবন একেবারেই সাধারণ। ‘ওহ, আমার মনে হয় না যে এটিকে কোনো অসামান্য বা অসাধারণ গল্প বলা যায়,’ অস্বস্তি নিয়ে কিছুটা নড়েচড়ে বলেন তিনি।

গত ৭৯ বছরে তাঁর জীবনের মোড় যেভাবে ঘুরেছে, এর সঙ্গে সোনিয়ার এই বিনয়ী মূল্যায়নের মেলবন্ধন ঘটানো সত্যি কঠিন। উত্তর ইতালির এক ছোট শহরের কর্মজীবী পরিবারে জন্ম নেওয়া সোনিয়া আজ ভারতের রাজনীতি ও ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন। রাজনৈতিক হত্যাকাণ্ড আর একের পর এক ব্যক্তিগত শোক ও ট্র্যাজেডি কাটিয়ে উঠে তিনি দেশটির অন্যতম প্রভাবশালী ব্যক্তিতে পরিণত হয়েছেন।
১৯৮৪ সালে তাঁদের দিল্লির বাসভবনে তদানীন্তন প্রধানমন্ত্রী এবং তাঁর শাশুড়ি ইন্দিরা গান্ধী যখন গুলিতে লুটিয়ে পড়েন, তখন সোনিয়াই তাঁর রক্তাক্ত দেহ আঁকড়ে ধরেছিলেন।

শাশুড়ির হত্যাকাণ্ডের পর স্বামী রাজীব গান্ধী প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলে সোনিয়া ভারতের ‘ফার্স্ট লেডি’ হন। আর রাজীবও যখন হত্যাকাণ্ডের শিকার হলেন, তখন রাজনীতির প্রতি নিজের জন্মগত অনিচ্ছা সত্ত্বেও বিভাজিত দলকে শক্ত হাতে ধরে রাখার দায়িত্ব কাঁধে তুলে নেন তিনি।

২০০৪ সালে কংগ্রেসকে নির্বাচনী বিজয়ে নেতৃত্ব দেওয়া সত্ত্বেও তিনি অত্যন্ত নাটকীয়ভাবে প্রধানমন্ত্রীর পদ প্রত্যাখ্যান করেছিলেন। দেশটির সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেসের টানা দীর্ঘতম মেয়াদে সভাপতির দায়িত্বে থাকার রেকর্ডটি এখনো তাঁরই দখলে।

দল যখন ক্ষমতায় ছিল তখনো, আবার পরবর্তী সময়ে যখন এটি নড়বড়ে বিরোধী দলে পরিণত হয় তখনো। ২০১৭ সালে সোনিয়া সরে দাঁড়ালে তাঁর ছেলে রাহুল তাঁর উত্তরসূরি হিসেবে স্থলাভিষিক্ত হন।

ভারতীয় রাজনীতিতে সোনিয়া গান্ধীর প্রবেশের সূচনা হয়েছিল ষাটের দশকে কেমব্রিজে। ১৮ বছর বয়সে ভাষাশিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সময় এক গ্রিক রেস্তোরাঁয় উজ্জ্বল চোখের এক তরুণকে দেখে প্রেমে পড়ে যান তিনি। সে সময় তাঁর বিন্দুমাত্র ধারণাও ছিল না যে এই রাজীব গান্ধী প্রকৃতপক্ষে ভারতের সর্বাপেক্ষা প্রভাবশালী রাজনৈতিক পরিবারের একমাত্র উত্তরাধিকারী।

‘ওটা ছিল প্রথম দেখাতেই প্রেম’, সোনিয়া স্মৃতিচারণা করেন, ‘এরপর আর অন্য কোনো কিছুরই গুরুত্ব ছিল না। প্রথমত, ও ছিল অসম্ভব সুপুরুষ। কিন্তু আমার মনে হয় ওর চোখ দুটোই বলে দিত, ও ভেতর থেকে ঠিক কেমন ছিল, ওর অন্তরাত্মাটা কেমন ছিল। ও ছিল ভীষণ ভালোবাসায় ভরা, পরম মমতাময় এবং যত্নশীল। আমি আমার স্বপ্নের পুরুষ হিসেবে যা কিছু ভাবতে পারতাম, তার সবই ছিল ওর মধ্যে।’

পরবর্তী সময়ে সোনিয়া জানতে পারেন যে রাজীবের নানা ছিলেন ভারতের স্বাধীনতাসংগ্রামী ও প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, আর মা ছিলেন ইন্দিরা গান্ধী, যিনি ১৯৬৬ সালে ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী হন।

প্রেমে মগ্ন হয়ে এক সম্পূর্ণ অচেনা দেশ ও সংস্কৃতিতে উড়ে আসা সেই অবুঝ ইতালীয় কন্যাটির সঙ্গে কি আজকের নিজেকে মেলাতে পারেন সোনিয়া? ‘না, খুব একটা পারি না,’ মৃদু স্বরে জবাব দেন তিনি। ‘জীবনে অনেক কিছু ঘটে গেছে, অনেক কিছু বদলে গেছে।’

নিজের লেখা আত্মকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ বইয়ের পাতা উল্টিয়ে দেখাচ্ছেন সোনিয়া গান্ধী। ১০ নভেম্বর ২০২৬, নয়াদিল্লি
নিজের লেখা আত্মকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ বইয়ের পাতা উল্টিয়ে দেখাচ্ছেন সোনিয়া গান্ধী। ১০ নভেম্বর ২০২৬, নয়াদিল্লি

২.

দিল্লির এক ঐতিহ্যবাহী ও বিশাল শ্বেতশুভ্র বাংলোয় সোনিয়ার সঙ্গে আমাদের দেখা হয়। যেখানে ৩৬ বছর ধরে তিনি বসবাস করছেন। এই বাড়িতে বসেই ১৯৯১ সালে সোনিয়া জানতে পেরেছিলেন যে শ্রীলঙ্কার তামিল বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের হামলায় তাঁর স্বামী রাজীব নিহত হয়েছেন।

সময়ের পরিক্রমায় তিনি যখন কংগ্রেসের ব্যাটন কাঁধে তুলে নেন, এই ভবনই হয়ে ওঠে দলের যাবতীয় রাজনৈতিক কার্যক্রমের মূল কেন্দ্র।

সোনিয়া গান্ধীর পড়ার ঘরে কংগ্রেসের প্রয়াত মহান নেতাদের উপস্থিতি স্পষ্ট টের পাওয়া যায়। দেয়ালে শোভা পাচ্ছে নেহরুর তেলের রঙের ছবি, রাজীবের নানা মুহূর্তের আলোকচিত্র, ইন্দিরার একটি ভাস্কর্য ও প্রতিকৃতি। একইভাবে স্পষ্ট স্থানে টাঙানো আছে মহাত্মা গান্ধীর ছবি—যাঁরা প্রত্যেকেই কংগ্রেসের আদর্শ গঠন করেছিলেন।

মেঝে থেকে ছাদ ছুঁই ছুঁই কাঠের বুকশেলফগুলোয় রয়েছে ভারী সোনা দিয়ে বাঁধাই করা হাজারো বই, ঘরের মাঝখানে এক সুবিশাল মিটিং টেবিল; তবে কারুকার্যময় কার্পেট, ডেকোরেটিভ ব্লাইন্ডস এবং ছড়িয়ে–ছিটিয়ে থাকা নানা অ্যান্টিক সামগ্রীতে সোনিয়ার নিজস্ব নান্দনিক রুচির ছোঁয়া বিদ্যমান।

গাঢ় নীল রঙের শাড়ি আর গাঢ় লাল (মেরুন) ব্লাউজে, নিখুঁত ধূসর চুল এবং কালো হেডব্যান্ডে সোনিয়া গান্ধীকে দেখতে একজন পরিপূর্ণ ভারতীয় রাজনৈতিক অভিভাবক বলে মনে হয়। তবে মৃদু ইতালীয় উচ্চারণে ইংরেজি বলা আর কথা বলার সময় চেনা ইতালীয় কায়দায় হাত নাড়ানোই কেবল মনে করিয়ে দেয় তাঁর শিকড় ভারতের বাইরে।

সোনিয়ার ভাষ্যমতে, জরুরি অবস্থা নিয়ে গান্ধী পরিবার দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছিল। রাজীব ছিলেন এই সিদ্ধান্তের কঠোর বিরোধী; তিনি মাকে পরবর্তী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে বলেন। কিন্তু ইন্দিরার ছোট ছেলে, গরম মাথার সঞ্জয় গান্ধী জোর দিয়ে বলেন, বিরোধীরা ইন্দিরাকে ধ্বংস করে দেবে এবং এক নৈশভোজে চিৎকার করে বলেন, ‘ওদের এখনই থামাতে হবে।’

সোনিয়া গান্ধী অকপটে স্বীকার করলেন যে এই বৈঠক নিয়ে তিনি বেশ মানসিক চাপে ও দুশ্চিন্তায় ছিলেন। গত এক দশকে সোনিয়া গান্ধী কোনো সাক্ষাৎকার দেননি এবং জীবনের সিংহভাগ সময় জনসমক্ষে থাকলেও সব সময় ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে সচেষ্ট ছিলেন।

এবার তিনি এই বিরল সাক্ষাৎকারে রাজি হয়েছেন কেবল তাঁর বহুল প্রতীক্ষিত আত্মজীবনী (‘বিলঙ্গিং’, হারপারকলিন্স পাবলিশার্স) নিয়ে কথা বলতে। এটা তাঁর জীবনের এক অত্যন্ত আবেগঘন এবং গভীর ব্যক্তিগত বিবরণ। মানসিক সমর্থনের জন্য তিনি তাঁর মেয়ে এবং কংগ্রেসের অন্যতম শীর্ষ নেত্রী প্রিয়াঙ্কাকেও সঙ্গে রেখেছেন।

ভারতের মূলধারার গণমাধ্যম সোনিয়া গান্ধীকে প্রায়ই কঠোর ও আত্মকেন্দ্রিক হিসেবে তুলে ধরেছে, অথচ আজ তাঁকে দেখায় ভীষণ উষ্ণ, অমায়িক এবং মাঝেমধ্যে নিজের খেই হারাচ্ছিলেন। আত্মজীবনীটি কতটা ব্যক্তিগত রূপ নিয়েছে, তা নিয়ে তিনি কিছুটা শঙ্কিত, ভারতীয় গণমাধ্যম বইটির সমালোচনা করে ছারখার করে দেবে কি না, তা নিয়ে চিন্তিত; কিন্তু তাঁর যুক্তি, এত দিন ধরে ‘আমাকে নিয়ে এত বাজে ও অদ্ভুত সব খবর লেখা হয়েছে যে এবার ‘প্রকৃত সত্য’ জানাটাই মানুষের জন্য স্বস্তির কারণ হবে।’

সাংবাদিকদের নিয়ে সোনিয়ার এই আতঙ্ক বা সতর্কতার পেছনে যথেষ্ট যৌক্তিক কারণ রয়েছে। বর্তমান ভারতে কট্টরপন্থী ও ডানপন্থী মোদি সরকারের প্রতাপে মূলধারার গণমাধ্যমগুলো প্রায় মেরুদণ্ডহীন হয়ে পড়েছে, এগুলো প্রধানত প্রধানমন্ত্রীর এজেন্ডার প্রচারক হয়ে দাঁড়িয়েছে এবং কংগ্রেস, বিশেষত গান্ধী পরিবারকে ক্রমাগত আক্রমণ করতেই ব্যস্ত থাকে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করতে গিয়ে সোনিয়া বিন্দুমাত্র ইতস্তত করেননি; তিনি মোদিকে ‘আমাদের দেশের মূল প্রকৃতি বদলে দিতে চাওয়া এক কর্তৃত্ববাদী শক্তি’ হিসেবে আখ্যা দেন এবং অভিযোগ তোলেন যে মোদির দল বিজেপি ‘দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে একেবারে কাঠামোগতভাবে ধ্বংস করে চলেছে’।

টানা ১২ বছর ধরে ক্ষমতায় থাকা মোদির হিন্দু জাতীয়তাবাদী দর্শন কংগ্রেস নেতাদের লালন করা এবং ভারতের সংবিধানে সুরক্ষিত বহুত্ববাদী ও ধর্মনিরপেক্ষ মূল্যবোধের একেবারে বিপরীত। এর ফলে দেশের সংখ্যালঘু জনগোষ্ঠী, বিশেষ করে ২০ কোটি মুসলমানের ওপর ধারাবাহিক নিপীড়ন স্পষ্ট হয়ে উঠেছে।

সোনিয়া বলেন, ‘একটি সম্পূর্ণ ভিন্ন ভারত দেখার পর আজকের এই অবস্থা দেখা অত্যন্ত যন্ত্রণাদায়ক। সংসদে আমাদের কোনো বিতর্ক করতে দেওয়া হয় না। অতীতে অন্তত সরকার ও বিরোধী দলের মধ্যে বৈঠক হতো, আলোচনা হতো, পরামর্শ নেওয়া হতো। কিন্তু এখন বিরোধী দলের কোনো অস্তিত্ব বা মূল্যই যেন নেই।’

মোদির ক্ষমতায় আসার পর থেকে সোনিয়ার সঙ্গে তাঁর যোগাযোগ নেই বললেই চলে; এমনকি একই কক্ষে থাকলেও মোদি তাঁর সঙ্গে সরাসরি চোখ মেলানো এড়িয়ে চলেন, যা অতীতের রাজনীতির একদম বিপরীত। এককালে বিরোধী এবং ক্ষমতাসীন দলের নেতারা পারস্পরিক সৌজন্য বজায় রেখে সাক্ষাৎ করতেন।

বিজেপির প্রকাশ্য লক্ষ্যগুলোর একটি হলো ‘কংগ্রেসমুক্ত ভারত’ গড়ে তোলা, যার ফলে সোনিয়া ও তাঁর সন্তানদের বিরুদ্ধে ক্রমাগত ব্যক্তিগত আক্রমণ এবং দেশের বিভিন্ন স্থানে অসংখ্য মামলা দায়ের করা হচ্ছে। কথা বলার মাঝেই সোনিয়ার ফোন বেজে ওঠে, ছেলে রাহুলের ফোন।

একটু পরেই জানা যায়, ২০১৮ সালে মোদির স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে করা এক মন্তব্যের জেরে দায়ের হওয়া মানহানির মামলা থেকে আদালত রাহুলকে অব্যাহতি দিয়েছে। ‘ওরা মারাত্মক প্রতিহিংসাপরায়ণ ও হিংস্র। মনে হয় ওদের বুকে কোনো হৃদয় নেই,’ বলেন সোনিয়া।

যেকোনো ধরনের ভিন্নমত বা সমালোচনার ওপর বিজেপির এই কঠোর দমনপীড়নকে সোনিয়া ‘ভয়ের পরিবেশ’ হিসেবে অভিহিত করেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে তাঁর এই আত্মজীবনীটি ভারতে প্রায় আলোই দেখতে পাচ্ছিল না।

বইটি ভারতে প্রকাশ করার কথা ছিল পেঙ্গুইন র‍্যান্ডম হাউস ইন্ডিয়ার, কিন্তু পাণ্ডুলিপি পাঠানোর পর তাদের পক্ষ থেকে কেবলই দীর্ঘ নীরবতা পাওয়া যায়। সোনিয়া গান্ধী সহজ ভাষায় জানান, পেঙ্গুইন কর্তৃপক্ষ ‘সরকারের সমালোচনার বিষয়টি নিয়ে অস্বস্তিতে ছিল’ এবং নির্দিষ্ট কিছু সম্পাদনা বা কাটছাঁট করতে সোনিয়া অস্বীকৃতি জানালে বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশের মাত্র এক সপ্তাহ আগে পেঙ্গুইন চুক্তি বাতিল করে।

বইটি এখন অন্য একটি প্রকাশনী থেকে বাজারে আসবে। যদিও পেঙ্গুইন এক বিবৃতিতে বইটি বাতিল করার কথা অস্বীকার করে দাবি করেছে, সোনিয়া সম্পাদনায় রাজি না হওয়ার কারণে বই প্রকাশ স্থগিত করার বিষয়টি সঠিক নয়।

বই সেন্সর বা চেপে রাখার এই চেষ্টায় সোনিয়া হতাশ হলেও একদম অবাক হননি। কারণ, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই সাক্ষাৎকারের মাত্র কয়েক দিন আগে, রাজনৈতিক বিক্ষোভের ওপর তোলা সোনিয়ার ২৬ বছর বয়সী নাতির কয়েক ডজন আলোকচিত্র দিল্লির এক প্রদর্শনী থেকে জোরপূর্বক সরিয়ে নিতে বাধ্য করা হয়েছিল।

রাজীবের শেষকৃত্যে রাহুল ও প্রিয়াঙ্কার সাথে সোনিয়া
রাজীবের শেষকৃত্যে রাহুল ও প্রিয়াঙ্কার সাথে সোনিয়া

৩.

ভারতের চরম পিতৃতান্ত্রিক সমাজে একজন নারী রাজনৈতিক নেত্রী হিসেবে টিকে থাকার লড়াই ও একা হয়ে যাওয়ার অনুভূতি সোনিয়া গান্ধী খুব কাছ থেকেই উপলব্ধি করেছিলেন। ১৯৬৮ সালে যখন তিনি প্রথম ভারতে আসেন, তখন তিনি ও রাজীব তাঁদের যৌথ সংসার শুরু করেন ইন্দিরার সঙ্গে। ইন্দিরা গান্ধী তখন প্রধানমন্ত্রী হিসেবে তাঁর প্রথম মেয়াদের দুই বছর পার করছিলেন। তাঁর স্বামী, যিনি নিজেও একজন রাজনীতিবিদ ছিলেন, কয়েক বছর আগেই পরলোকগমন করেছিলেন।

তাঁরা দিল্লির একটি পুরোনো ঔপনিবেশিক বাংলোয় বেশ সাধারণভাবেই বাস করতেন। বাইরের পৃথিবীর কাছে ইন্দিরা গান্ধী ছিলেন এক অনমনীয় ‘লৌহমানবী’ এবং সোনিয়া নিজেও স্বীকার করেন যে শুরুতে তিনি তাঁর এই প্রভাবশালী শাশুড়িকে বেশ ভয় পেতেন।

কিন্তু প্রকাশ্যে ইন্দিরা যেমনই থাকুন না কেন, ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অত্যন্ত সংবেদনশীল। একবার সোনিয়ার কাছে নিজের ভয় ও আশঙ্কার কথা প্রকাশ করে ইন্দিরা বলেছিলেন যে প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি কতটা আতঙ্কিত ছিলেন।

সোনিয়া বলেন, ‘সংবাদমাধ্যমে তাঁকে সব সময় কঠোর বা রূঢ় হিসেবে ফুটিয়ে তোলা হতো, কিন্তু ঘরের ভেতর তিনি আর দশটা সাধারণ মায়ের মতোই ছিলেন।’ যদিও রাজনৈতিক সহকর্মীদের ওপর ইন্দিরার বিখ্যাত অগ্নিশর্মা মেজাজের বহিঃপ্রকাশ মাঝেমধ্যে ঘরেও আছড়ে পড়ত। সোনিয়ার বইতে একটি ঘটনার উল্লেখ আছে, যেখানে এক পারিবারিক নৈশভোজের সময় তীব্র রেগে গিয়ে ইন্দিরা তাঁর থালা ছুড়ে মেরেছিলেন।

হাসপাতালে নেওয়ার পর ইন্দিরাকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করা হয়। তাঁর নিথর দেহ তখনো হাসপাতালে পড়ে রয়েছে, ঠিক তখনই রাজীব এসে সোনিয়াকে জানান যে তাঁকে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে বলা হয়েছে। সোনিয়া শুরু থেকেই রাজীবকে রাজনীতি থেকে দূরে থাকার জন্য আকুল মিনতি করেছিলেন। এই আলোচনা সোনিয়ার কাছে মনে হয়েছিল, ‘বুকে যেন এক ছুরি বিঁধে গেল।’

বইটিতে ইন্দিরার বিরুদ্ধে রাজনৈতিক ও ডানপন্থী গোষ্ঠীগুলোর পাশাপাশি তাঁর নিজস্ব দলের পুরোনো প্রবীণ নেতাদের রাজনৈতিক আক্রমণ ও শত্রুতার চিত্র উঠে এসেছে। ‘আমি দেখেছি তিনি দিনরাত কাজ করতেন, ক্রমাগত চাপে থাকতেন এবং আক্রমণের শিকার হতেন। একজন সাধারণ মানুষের মতো এসবে প্রভাব তাঁর ওপরও পড়ত। আর নিশ্চিতভাবেই, ওই পদে একধরনের চরম একাকিত্ব আছে। তাঁর অনেক বন্ধু ও আগ্রহের বিষয় ছিল, কিন্তু এটি বড়ই একাকী জীবনের পথ।’

কয়েক বছর ধরে সোনিয়ার নিজের জীবন ছিল বেশ ‘চিন্তামুক্ত’। তিনি ও রাজীব একে অপরের প্রেমে গভীরভাবে মগ্ন ছিলেন; এমনকি তৎকালীন ভারতীয় পরিবারগুলোয় যা অকল্পনীয় ছিল, জনসমক্ষেই পরস্পরকে স্নেহের প্রকাশ ঘটিয়ে সন্তানদেরও লজ্জায় ফেলে দিতেন তাঁরা। ‘এই মানুষটির জন্য আমি সবকিছু করতে প্রস্তুত ছিলাম, এমনকি আমার ইতালীয় পরিচয়টুকু হারিয়ে ফেলতে হলেও,’ বলেন সোনিয়া।

রাজীব তখন বাণিজ্যিক বিমানের পাইলট হিসেবে কাজ করতেন। শাশুড়ির সঙ্গে সম্পর্ক সহজ হতে থাকলে সোনিয়া দিল্লির সেই সাদামাটা বাংলোটি ইতালীয় নান্দনিকতায় সাজাতে শুরু করেন এবং কাশ্মীরি রান্না শেখেন।

একবার গর্ভপাতের বেদনার পর তিনি দুই সন্তানের জন্ম দেন, যাঁদের ইন্দিরা অত্যন্ত স্নেহে বড় করতে থাকেন। এমনকি ইতালির রান্নার উপাদানের জন্য তাঁর যে ব্যাকুলতা ছিল—যা সে সময়ে ভারতে পাওয়া একপ্রকার অসম্ভবই ছিল—একপর্যায়ে তা-ও ফিকে হয়ে এসেছিল।

কিন্তু ১৯৭৫ সালে ইন্দিরা গান্ধী তাঁর রাজনৈতিক জীবনের সবচেয়ে বিতর্কিত সিদ্ধান্তটি নেন। দেশজুড়ে বাড়তে থাকা রাজনৈতিক অসন্তোষ, অর্থনৈতিক সংকট এবং কংগ্রেস সরকারকে ফেলে দেওয়ার সম্মিলিত বিরোধীদের চেষ্টার মুখে ইন্দিরা দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন।

এর পরিণতি ছিল ভয়াবহ: সংবিধান স্থগিত করা হয়, নাগরিক অধিকার ও গণতান্ত্রিক স্বাধীনতা হরণ করা হয়, গণমাধ্যমের মুখ বন্ধ করা হয় এবং বিচার ছাড়াই বিপুলসংখ্যক বিরোধী নেতাকে কারারুদ্ধ করা হয়। প্রায় দুই বছর স্থায়ী এই কালো অধ্যায়কে আজও ভারতীয় গণতন্ত্রের অন্ধকারতম সময় বলা হয় এবং কংগ্রেস দলকে আক্রমণ করতে বিজেপি এটি নিয়মিত ব্যবহার করে।

সোনিয়ার ভাষ্যমতে, জরুরি অবস্থা নিয়ে গান্ধী পরিবার দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছিল। রাজীব ছিলেন এই সিদ্ধান্তের কঠোর বিরোধী; তিনি মাকে পরবর্তী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে বলেন। কিন্তু ইন্দিরার ছোট ছেলে, গরম মাথার সঞ্জয় গান্ধী জোর দিয়ে বলেন, বিরোধীরা ইন্দিরাকে ধ্বংস করে দেবে এবং এক নৈশভোজে চিৎকার করে বলেন, ‘ওদের এখনই থামাতে হবে।’

মায়ের ওপর সঞ্জয়ের এই উগ্র প্রভাব সে সময় প্রচণ্ড বিতর্কের জন্ম দিয়েছিল। সোনিয়া স্মরণ করেন, এটি পরিবারের ভেতরেও প্রচণ্ড তিক্ততা তৈরি করেছিল; রাজীব মায়ের সঙ্গে যুক্তিতর্ক করার চেষ্টা করলেও ইন্দিরা শোনেননি। ‘সঞ্জয়কে নিয়ন্ত্রণে রাখতে পারলে হয়তো পরবর্তী অনেক বড় ক্ষতি এড়ানো যেত,’ সোনিয়া তাঁর বইতে লেখেন।

আজ সোনিয়া নিঃসংকোচে স্বীকার করেন যে ইন্দিরার জরুরি অবস্থা জারি করাটা ভুল সিদ্ধান্ত ছিল এবং তিনি বিশ্বাস করেন যে তাঁর শাশুড়িও পরবর্তী সময়ে তা উপলব্ধি করেছিলেন। ‘আমার সব সময় মনে হয়েছে শ্রীমতী গান্ধী আপাদমস্তক একজন গণতান্ত্রিক মানুষ ছিলেন। আমি জানি, অনেকেই এটা শুনলে হাসবেন, কিন্তু আমি বিশ্বাস করি, জরুরি অবস্থার দিনগুলোয় তিনি মোটেও স্বস্তিতে ছিলেন না। এটা তাঁর মনকে সব সময় ভারাক্রান্ত করে রেখেছিল।’

পরবর্তী বছরগুলোয় ইন্দিরা নির্বাচনে হেরে যান এবং পুনরায় ক্ষমতায়ও ফিরে আসেন। সঞ্জয়ের অকালমৃত্যুর পর রাজীবকেও রাজনীতিতে আসতে রাজি করানো হয়। কিন্তু ১৯৮৪ সালে আবারও ঘোর অন্ধকার নেমে আসে তাঁদের জীবনে।

পাঞ্জাবে শিখ বিচ্ছিন্নতাবাদীদের হিংসাত্মক আন্দোলন তীব্র আকার ধারণ করে। বিচ্ছিন্নতাবাদীরা স্বাধীন শিখ রাষ্ট্র ঘোষণার প্রস্তুতি নিলে ইন্দিরা শিখদের পরম পবিত্র স্থান অমৃতসরের স্বর্ণমন্দিরে লুকিয়ে থাকা সশস্ত্র বিদ্রোহীদের দমনে সামরিক অভিযানের নির্দেশ দেন।

এই অভিযানের ফলে মন্দির প্রাঙ্গণ ভারী অস্ত্রে ক্ষতবিক্ষত হয় এবং বিচ্ছিন্নতাবাদীসহ বহু পুণ্যার্থীও প্রাণ হারান। সোনিয়া জানান, ইন্দিরার সামনে যখন ধ্বংসস্তূপের ছবি আনা হয়, তখন তাঁর চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছিল।

ভারতীয় শিখদের জন্য এটি ছিল তাঁদের ধর্মের ওপর এক চরম ও যন্ত্রণাদায়ক আঘাত। এর ফলে ইন্দিরার কাছে একের পর এক মৃত্যুর হুমকি আসতে থাকে। ‘তিনি আমাদের বলে দিয়েছিলেন যে তিনি মারা গেলে আমাদের কী করতে হবে; অর্থাৎ তিনি আগেই বুঝতে পেরেছিলেন।’

সোনিয়া বলেন, ‘তিনি নিজের মৃত্যুর প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি রাহুলকে বলেছিলেন তাঁকে সাহসী হতে হবে এবং কান্না করা চলবে না।’ সে বছরের গ্রীষ্মে ইন্দিরা তাঁর নাতনি ও নাতিকে নিয়ে কাশ্মীরে তাঁদের পৈতৃক ভিটায় বেড়াতে যান; সোনিয়া মনে করেন, এটি ছিল মূলত সবার থেকে তাঁর ‘বিদায় নেওয়া’। তাঁর শিখ নিরাপত্তারক্ষীদের সরিয়ে দেওয়ার পরামর্শও প্রত্যাখ্যান করেছিলেন। শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত মারাত্মক ভুল প্রমাণিত হয়েছিল।

৩১ অক্টোবরের সেই অভিশপ্ত সকালে সোনিয়া ঘরেই ছিলেন, যখন তিনি আতশবাজির মতো বিকট শব্দ শুনতে পান। দৌড়ে পাশে ইন্দিরার কার্যালয়ে গিয়েই সোনিয়া স্তব্ধ হয়ে যান। মেঝেতে লুটিয়ে আছে ইন্দিরার রক্তে ভেজা শরীর, ঝাঁঝরা হয়ে গেছে বুলেট দিয়ে। স্বর্ণমন্দিরে সামরিক অভিযানের প্রতিশোধ নিতে ইন্দিরার নিজস্ব শিখ দেহরক্ষীরাই তাঁর ওপর নির্বিচার গুলি চালিয়েছিল।

পরবর্তী ঘটনার প্রতিটি মুহূর্ত সোনিয়ার স্মৃতিতে যেন খোদাই করা আছে। ইন্দিরাকে একটি গাড়িতে তোলা হলে সোনিয়া তাঁর রক্তে প্লাবিত দেহ জড়িয়ে ধরে বাঁচানোর আকুল চেষ্টা করতে করতে হাসপাতালের দিকে ছোটেন। সোনিয়া বলেন, ‘চারদিকে শুধু রক্ত ছিল, আমি বুঝতে পারছিলাম, তিনি আমার কোনো কথার উত্তর দিচ্ছেন না। মনে হচ্ছিল, তিনি আগেই আমাদের ছেড়ে চলে গেছেন।’

এতগুলো বছর পার হয়ে গেলেও সেই ঘটনা বর্ণনা করা সোনিয়ার জন্য অত্যন্ত কষ্টের; তাঁর নরম কণ্ঠ আরও ক্ষীণ হয়ে আসে। ‘বাড়ি থেকে হাসপাতালের সেই গাড়ি চালানোর প্রতিটি মুহূর্ত ছিল তীব্র যন্ত্রণাদায়ক। রাস্তায় খুব বেশি গাড়ি ছিল না, কিন্তু সময় যেন কাটতেই চাইছিল না। আমি এটাও বুঝে গিয়েছিলাম যে তিনি যেহেতু কথা বলছেন না, সব হয়তো শেষ হয়ে গেছে।’

সোনিয়া স্বীকার করেন, সেই বিভীষিকাময় মুহূর্তের অনেক স্মৃতি তিনি আজও মুখে আনতে পারেন না। ‘আমি কখনোই এটা নিয়ে কথা বলি না। কেবল কেউ যদি খুব করে জানতে চায়, তখন অনেক কষ্টে দু-একটি কথা বলি।’

হাসপাতালে নেওয়ার পর ইন্দিরাকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করা হয়। তাঁর নিথর দেহ তখনো হাসপাতালে পড়ে রয়েছে, ঠিক তখনই রাজীব এসে সোনিয়াকে জানান যে তাঁকে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে বলা হয়েছে। সোনিয়া শুরু থেকেই রাজীবকে রাজনীতি থেকে দূরে থাকার জন্য আকুল মিনতি করেছিলেন। এই আলোচনা সোনিয়ার কাছে মনে হয়েছিল, ‘বুকে যেন এক ছুরি বিঁধে গেল।’

ইন্দিরার মৃত্যুর পর সোনিয়া মারাত্মক ট্রমার শিকার হন, অবসাদগ্রস্ত হয়ে ‘ভূতের মতো’ দিন কাটাতে থাকেন। রাজীবেরও শোক পালনের ফুরসত ছিল না। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েই তাঁকে ইন্দিরা হত্যার পর শুরু হওয়া ভয়াবহ শিখবিরোধী দাঙ্গা মোকাবিলা করতে হয়। এই রক্তপাত থামাতে রাজীব উপযুক্ত পদক্ষেপ নেননি বলে পরবর্তী সময়ে চরম সমালোচিত হন।

সোনিয়া বলেন, ‘রাজীব কখনো তাঁর ভেতরের কান্না কাউকে দেখতে দেয়নি। আমি মায়ের পড়ার ঘরে তাঁর প্রিয় চেয়ারটিতে রাজীবকে বসে চোখে জল ফেলতে দেখেছি। কিন্তু জনসমক্ষে ও মনে করত, ওকে কষ্ট গোপন রাখতেই হবে।’

মৃত্যুর ভয় তাঁদের প্রতিটি মুহূর্ত গ্রাস করেছিল। পুরো বাড়ি যেন দুর্গে পরিণত হলো, বাচ্চাদের শোবার ঘরেও পোশাকধারী কমান্ডো মোতায়েন করা হলো। রাহুল ও প্রিয়াঙ্কাকে স্কুল থেকে ছাড়িয়ে আনা হলো, স্বাধীনভাবে ঘুরে বেড়ানোর সুযোগ হারিয়ে গেল।

রাজীব কোনো সফর থেকে ফিরতে সামান্য দেরি করলেই সোনিয়া আতঙ্কে শিউরে উঠতেন। অন্যদিকে রাজীব সব সময় চাইতেন সোনিয়া যেন তাঁর ছায়ার মতো পাশে থাকেন। সোনিয়া বলেন, ‘মৃত্যুর আতঙ্ক খুব বাস্তব ছিল। আমার মনে সব সময় একটাই চিন্তা কাজ করত: এরপর ওকেই মেরে ফেলা হবে।’ ১৯৯১ সালে এসে তাঁর সেই দুঃস্বপ্নই নির্মম সত্যে পরিণত হলো।

বিলংগিং: এ জার্নি অফ লাভ বইয়ের প্রচ্ছদ
বিলংগিং: এ জার্নি অফ লাভ বইয়ের প্রচ্ছদ

৪.

রাজীবের মৃত্যুর পর সোনিয়া কীভাবে বেঁচে ছিলেন, তা মনে করতে গিয়ে ঘরে এক নিস্তব্ধতা নেমে আসে। ১৯৯১ সালে নির্বাচনী প্রচারণার সময় শ্রীলঙ্কার বিচ্ছিন্নতাবাদী আত্মঘাতী বোমারুর হামলায় তাৎক্ষণিকভাবে প্রাণ হারান রাজীব। আজও সোনিয়া তাঁর সন্তানদের মতো করে রাজীবকে ‘পাপা’ বলে সম্বোধন করেন।

সোনিয়ার পাশে বসে থাকা কন্যা প্রিয়াঙ্কা অত্যন্ত মমতায় মায়ের কথায় যোগ করেন। তিনি আমাদের জানান, তাঁর মা কীভাবে সারা দিন অন্ধকার ঘরে একা বসে মোৎসার্টের ‘রেকিউয়েম’ শুনতেন এবং গভীর শোকে আচ্ছন্ন হয়ে থাকতেন। মায়ের দিকে তাকিয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘তুমি বাবার ওপর খুব রেগে ছিলে। কাঁদতে কাঁদতে তুমি প্রায়ই চিৎকার করে বলতে, ও আমাকে এভাবে একা ফেলে রেখে কীভাবে চলে গেল? কেন চলে গেল?’

সোনিয়া কিছু সময় চুপ করে থাকেন। ‘আমার শাশুড়ি মারা যাওয়ার পর আমরা ভাবতাম, যেহেতু আমরা সব সময় একসঙ্গে থাকি, কিছু ঘটলে দুজনের সঙ্গেই ঘটবে।’ এমনকি নিজেদের শেষকৃত্য কীভাবে হবে, তা নিয়ে তাঁরা নোটও লিখে রেখেছিলেন।

রাজীবের মৃত্যুর পর সোনিয়ার বোন যখন তাঁকে ইতালিতে ফিরে যাওয়ার জন্য আকুল অনুরোধ করেন, তখন সোনিয়া তা নাকচ করে দেন। ‘ভারতই ছিল আমার বাড়ি, আমার সন্তানদের বাড়ি।’ চার বছর আগে যখন তাঁর মা মারা যান, সোনিয়া শেষবারের মতো ইতালিতে গিয়েছিলেন।

পরবর্তী সময়ে সোনিয়া জানতে পারেন, হত্যাকাণ্ডের আগে ভারতীয় গোয়েন্দা সংস্থা শ্রীলঙ্কার ‘তামিল টাইগার্স’দের হুমকি সংকেত পেয়েছিল। শ্রীলঙ্কার গৃহযুদ্ধে ভারতের হস্তক্ষেপের কারণে তামিল টাইগার্সরা ক্ষুব্ধ ছিল। কিন্তু তৎকালীন নতুন সরকার সেই হুমকি উপেক্ষা করে এবং রাজীবের সর্বোচ্চ স্তরের নিরাপত্তা তুলে নেয়।

সোনিয়া আজও বিশ্বাস করেন রাজীব হত্যার নেপথ্যের গভীর ষড়যন্ত্র এখনো প্রকাশ পায়নি। মোদি সরকার এই হত্যাকাণ্ডের তদন্তকারী সর্বশেষ কমিশনটি বন্ধ করে দেয়। ‘আমার মনে হয় না আমরা আর কখনো সেই চূড়ান্ত সত্য জানতে পারব,’ দীর্ঘশ্বাস ফেলে বলেন তিনি।

ঠিক যে সময়ে সোনিয়ার জগৎ চুরমার হয়ে যাচ্ছিল, উত্তর ভারতে তখন রাজনীতির নতুন বাতাস বইতে শুরু করেছে। অযোধ্যায় বাবরি মসজিদ একটি প্রাচীন হিন্দু মন্দিরের ধ্বংসাবশেষের ওপর নির্মিত—এ দাবি ডানপন্থী হিন্দু জাতীয়তাবাদী গোষ্ঠীগুলোর মাধ্যমে জোরদার হচ্ছিল। ১৯৯২ সালের ডিসেম্বরে বিজেপির নেতারাসহ এই গোষ্ঠীগুলো বাবরি মসজিদ ভেঙে গুঁড়িয়ে দেয়।

টেলিভিশনে মসজিদের পতন দেখে ডুকরে কেঁদে ওঠার কথা স্মরণ করেন সোনিয়া। তিনি বলেন, তিনি সেদিনই বুঝেছিলেন যে ‘মহাত্মা গান্ধী, নেহরু ও তাঁদের সঙ্গীরা যে ধর্মনিরপেক্ষ ভারতের স্বপ্ন দেখেছিলেন, তা বাঁচিয়ে রাখার লড়াইটা হবে অত্যন্ত দীর্ঘ।’

সোনিয়া এটাও স্বীকার করেন, বিজেপির উত্থান এবং তাদের কট্টর হিন্দুত্ববাদী রাজনীতির জন্য তাঁদের নিজেদের কংগ্রেস দলের ব্যর্থতাও আংশিকভাবে দায়ী। ‘আমার মনে হয়, আমরা অনেক বিষয়েই অতিরিক্ত নিশ্চিন্ত বা ঢিলেঢালা ছিলাম। একধরনের গা-ছাড়া মনোভাব কাজ করছিল।’

২০২৪ সালে মোদি সেই ভেঙে ফেলা মসজিদের স্থানে এক বিশাল রামমন্দির উদ্বোধন করে বিজেপির বহু বছরের প্রতিশ্রুতি পূরণ করেন।

নিজের বই হাতে সোনিয়া গান্ধী
নিজের বই হাতে সোনিয়া গান্ধী

৫.

আত্মজীবনীতে সোনিয়া রাজনীতির প্রতি তাঁর তীব্র অনীহা ও অনাস্থার কথা স্পষ্ট লিখেছেন, যা তাঁর মতে ‘লোভ, উচ্চাকাঙ্ক্ষা ও ভণ্ডামি দ্বারা পরিচালিত এক বিপজ্জনক জগৎ।’ কিন্তু ১৯৯৮ সালে কংগ্রেস যখন অস্তিত্ব সংকটে পড়ে ভেঙে যাওয়ার মুখে, তখন বাধ্য হয়ে সোনিয়া দলের সভাপতির দায়িত্ব নেন।

এ সিদ্ধান্ত ছিল মূলত প্রয়াত স্বামীর প্রতি তাঁর দায়িত্ববোধের ফল। নিজের জন্মগত লজ্জা আর সংকোচ কাটিয়ে ওঠার পাশাপাশি তাঁকে নিজের তৃতীয় ভাষা—হিন্দিতে রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল।

সোনিয়া গান্ধী জোর দিয়ে বলেন, রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা তাঁর কখনো ছিল না। ২০০৪ সালের নির্বাচনে দলকে জয়ী করার পরও তিনি প্রধানমন্ত্রীর পদ প্রত্যাখ্যান করে বিশ্বকে চমকে দেন। ‘আমার মনের ভেতর একদম পরিষ্কার ছিল যে আমি প্রধানমন্ত্রী হব না। এটা আসলে আমার ব্যক্তিত্বের সঙ্গে মেলে না।’ তা সত্ত্বেও কয়েক বছর আগে দলের দৈনন্দিন নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর আগপর্যন্ত সোনিয়া নিজের জন্য খুব একটা সময় পাননি।

রাজনৈতিক সফরে গাড়িতে যাওয়ার সময় তিনি ইতিহাস বা আত্মজীবনীমূলক বই সঙ্গে রাখতেন পড়ার জন্য। সংগীত—বিশেষ করে ভারতীয় ধ্রুপদি এবং ইউরোপীয় অপেরা—ছিল তাঁর মানসিক শান্তির উৎস। আর্ট রেস্টোরেশন নিয়ে পড়ালেখা করার কারণে মাঝেমধ্যে সময় সুযোগ পেলে শিল্পপ্রদর্শনীতেও ঢুঁ মারতেন তিনি।

আজ সোনিয়া গান্ধী রাজনীতির নোংরা কোলাহল থেকে দূরে থাকেন, যদিও মেয়ে প্রিয়াঙ্কার কাছ থেকে সব খবর পান এবং মাঝেমধ্যে দু-একটি দলীয় বৈঠকে যোগ দেন। এখন তাঁর দিনের আনন্দ হলো নিজের ছোট সবজিবাগানটি দেখাশোনা করা এবং সন্তান ও দুই নাতি-নাতনির সঙ্গে সময় কাটানো।

গান্ধী পরিবার সব সময়ই কুকুরপ্রেমী (প্রিয়াঙ্কার একসময় সাতটি গোল্ডেন রিট্রিভার ছিল)। সোনিয়া তাঁর ছেলে রাহুলের উপহার দেওয়া জ্যাক রাসেল জাতের দুটি কুকুর ‘নুড়ি’ ও ‘লাপো’কে নিয়ে মেতে থাকেন।

তা সত্ত্বেও তাঁর বাসভবন ঘিরে থাকা কঠোর নিরাপত্তাবেষ্টনী মনে করিয়ে দেয় যে তাঁর ব্যক্তিগত স্বাধীনতার পরিধি কতটা সীমিত। বাইরের রাস্তায় সশস্ত্র পুলিশ পাহারা দিচ্ছে, আর মূল ফটক পেরিয়ে ভেতরে প্রবেশের আগে আমাদের গাড়িটি নিখুঁতভাবে তল্লাশি করা হয়।

একসময় সোনিয়াকে কংগ্রেসের পুনর্জাগরণের কারিগর মনে করা হলেও গত এক দশকে এই গান্ধী পরিবারই দলের করুণ পতন দেখেছে। ২০১৪ সাল পর্যন্ত থাকা তাদের সরকার ছিল দুর্নীতিতে জর্জরিত। (যদিও সোনিয়ার আত্মপক্ষ সমর্থন: ‘অভিযোগ ওঠার সঙ্গে সঙ্গে প্রায় প্রতিটি ক্ষেত্রে মন্ত্রীরা পদত্যাগ করেছিলেন’)।

মায়ের কাছ থেকে দায়িত্ব নেওয়ার পর রাহুল পর পর তিনটি সাধারণ নির্বাচনে মোদির কাছে হেরেছেন এবং মাত্র কয়েকটি রাজ্যে আজ কংগ্রেস ক্ষমতায় আছে। এর বিপরীতে বিজেপির ‘হিন্দুত্ববাদ’ আজ দেশের প্রধান রাজনৈতিক ভাবাদর্শে পরিণত হয়েছে। অন্যদিকে দলের ওপর তাদের পরিবারের কর্তৃত্ব বজায় রাখায় কংগ্রেসকে একটি পরিবারতান্ত্রিক ও অভিজাতদের দল হিসেবে যে তকমা দেওয়া হয়, তা দলটি ঝেড়ে ফেলতে পারছে না।

সোনিয়া এটাও স্বীকার করেন, বিজেপির উত্থান এবং তাদের কট্টর হিন্দুত্ববাদী রাজনীতির জন্য তাঁদের নিজেদের কংগ্রেস দলের ব্যর্থতাও আংশিকভাবে দায়ী। ‘আমার মনে হয়, আমরা অনেক বিষয়েই অতিরিক্ত নিশ্চিন্ত বা ঢিলেঢালা ছিলাম। একধরনের গা-ছাড়া মনোভাব কাজ করছিল।’

কংগ্রেস কেন গান্ধী পরিবারের নেতৃত্ব থেকে বের হতে পারছে না—আমার এ প্রশ্নে তিনি কিছুটা বিরক্তি প্রকাশ করেন। ‘এ প্রশ্ন আপনার দলকে করা উচিত,’ জবাব দেন সোনিয়া। পরিবারতন্ত্রের প্রশ্নটি এড়িয়ে গিয়ে তিনি সহজভাবে বলেন, ‘আমরা সবাই নির্বাচনে লড়াই করি: কখনো জিতি, কখনো হারি।

আমরা সবাই এ প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছি।’ কিন্তু পরপর এত হারের পর, গান্ধী পরিবারের নেতৃত্বাধীন কংগ্রেস কি আজও বিজেপির নির্ভরযোগ্য বিকল্প হতে পারে? সোনিয়া দৃঢ়ভাবে ‘হ্যাঁ’ বললেও দেশের বহু মানুষ কিন্তু এখনো তা নিয়ে সংশয়ে আছেন।

নরেন্দ্র মোদি ও কোণঠাসা বিরোধীদের জন্য আমরা এক অত্যন্ত আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ মুহূর্তে সাক্ষাৎ করছি। সম্প্রতি তরুণ ‘জেন–জি’ প্রজন্ম সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে যে বিক্ষোভ শুরু করেছে, তাতে দেশে চেপে রাখা ভিন্নমতের পথ যেন কিছুটা হলেও উন্মুক্ত হয়েছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোয় রাষ্ট্রীয় নির্যাতন ও কঠোর বলপ্রয়োগের মুখোমুখি দাঁড়িয়েও তরুণ ভারতীয়রা আবার রাস্তায় নেমেছে। এ আন্দোলন বিজেপির শক্ত অবস্থানকে নড়িয়ে দিতে পারবে কি না, তা সময় বলবে; এখন পর্যন্ত ‘ককরোচ আন্দোলন’ বিরোধী জোট থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেছে।

তবে সোনিয়া গান্ধী বলেন, ‘আমাকে যা আশাবাদী করে, তা হলো তরুণেরা ভয় না পেয়ে প্রতিবাদে এগিয়ে আসছে। অসীম মানসিক শক্তি নিয়ে তারা সরকারের ভুল নীতিগুলোর বিরুদ্ধে সোচ্চার হচ্ছে। আমার মনে হয় এটি এক বিরাট গুণগত পরিবর্তন।’

কংগ্রেস দলও বিগত বহু বছরের তুলনায় এখন অনেক বেশি চাঙা। সম্প্রতি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে রাহুল ও প্রিয়াঙ্কা পুলিশের হাতে নিগৃহীত হওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সন্তানদের একসময় রাজনীতি থেকে দূরে থাকার জন্য আকুল অনুরোধ জানানো সোনিয়া গান্ধী এখন বলছেন, ‘ওরা যে মাঠে আছে, তা খুব ভালো। আগের যেকোনো সময়ের চেয়ে এখন ওদের উপস্থিতি বেশি প্রয়োজন।’ মনে হচ্ছে, গান্ধী পরিবারের লড়াই এখনই শেষ হচ্ছে না।

  • হ্যানা এলিস-পিটারসন গার্ডিয়ানের দক্ষিণ এশিয়ার প্রতিনিধি। দ্য গার্ডিয়ান থেকে অনূদিত।

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

সূত্র: প্রথম আলো · মতামত