পাকিস্তানে পুলিশের ওপর বন্দু*কধারীদের হামলা, নিহত ১১

পাকিস্তানে পুলিশের ওপর বন্দু*কধারীদের হামলা, নিহত ১১

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট জেলায় বন্দুকধারীদের হামলায় অন্তত ১১ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন।

বুধবার (১১ নভেম্বর) জেলার দারবোকাচ জালান্দার বান্দা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। অবৈধভাবে স্বর্ণ উত্তোলন বন্ধে অভিযান চালাতে যাওয়ার পথে পুলিশের একটি দল বন্দুকধারীদের হামলার মুখে পড়ে। খবর আনাদোলু এজেন্সির।

কোহাট পুলিশের মুখপাত্র মুহাম্মদ নওমান জেব স্থানীয় সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনকে জানান, অবৈধ স্বর্ণ উত্তোলন বন্ধে অভিযান পরিচালনার উদ্দেশ্যে পুলিশ সদস্যরা ওই এলাকায় যাচ্ছিলেন। পথে বন্দুকধারীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়।

এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, কোহাট ও কারাক জেলার মধ্যবর্তী দারবোকাচ জালান্দার বান্দা এলাকায় এ হামলা ঘটে। হামলার সময় পুলিশের পাঁচটি গাড়িতে আগুন দেওয়া হয় বলেও জানান নওমান জেব।

সাম্প্রতিক মাসগুলোতে খাইবার পাখতুনখোয়া প্রদেশে পুলিশ সদস্যদের লক্ষ্য করে একের পর এক হামলার ঘটনা ঘটেছে।

বিশ্বব্যাপী সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা (এসিএলইডি)-এর তথ্য অনুযায়ী, ২০২২ সাল থেকে পাকিস্তানে সন্ত্রাসী হামলার সংখ্যা প্রতিবছর বেড়েছে।

সংস্থাটির হিসাবে, ২০২২ সালে দেশটিতে ৬৫৮টি হামলার ঘটনা ঘটে। ২০২৫ সালে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ২ হাজার ৪২৫টিতে, যা ২০২২ সালের তুলনায় প্রায় চার গুণ।

সূত্র: আনাদোলু এজেন্সি

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

সূত্র: Daily Bangladesh