ফেরি-বাল্কহেডের সংঘর্ষে প্রাণ গেল ১১ বছরের শিশুর

ফেরি-বাল্কহেডের সংঘর্ষে প্রাণ গেল ১১ বছরের শিশুর

শরীয়তপুর-চাঁদপুর নৌ রুটের পদ্মা নদীতে ফেরি ও বাল্কহেডের সংঘর্ষে ১১ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক শিশু। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে পদ্মা নদীর বেড়াচাক্কি চ্যানেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত শিশুকে স্পিডবোটে করে চাঁদপুরের একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

বিআইডব্লিউটিসি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ফেরি ‘কাকলি’ চাঁদপুর থেকে শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটের উদ্দেশে যাচ্ছিল। মেঘনা নদীর মূল অংশ পেরিয়ে সকাল ৯টার দিকে বেড়াচাক্কি চ্যানেলে প্রবেশের সময় পেছন থেকে একটি বাল্কহেড ফেরিটিকে সজোরে ধাক্কা দেয়।

এতে ফেরিতে দাঁড়িয়ে থাকা কয়েকজন যাত্রী ভারসাম্য হারিয়ে পড়ে যান। এ সময় ১১ বছর বয়সী এক শিশুর মাথা ফেরিতে থাকা একটি বাসের বডিতে আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হয় আরও এক শিশু।

দুর্ঘটনার পর বাল্কহেডটি নিয়ে পালিয়ে যান চালক। বাল্কহেড ও চালককে শনাক্ত করে আটকের চেষ্টা করছে নৌ পুলিশ।

বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের উপব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, ফেরিটি চ্যানেলে প্রবেশের সময় পেছন থেকে একটি বাল্কহেড সজোরে ধাক্কা দেয়। এতে ফেরিতে দাঁড়িয়ে থাকা অনেক যাত্রী ভারসাম্য হারিয়ে পড়ে যান। এক শিশুর মাথা বাসের সঙ্গে আঘাত লাগলে তার মৃত্যু হয়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

সূত্র: Daily Bangladesh