আমরা যখন মুঠোফোন থেকে কাউকে বার্তা পাঠাই, ওয়েবসাইটে প্রবেশ করি কিংবা অনলাইনে ভিডিও দেখি, তখন মুহূর্তের মধ্যেই সেই তথ্য পৌঁছে যায় পৃথিবীর অন্য প্রান্তে। কিন্তু এই তথ্য কীভাবে এত দ্রুত এক দেশ থেকে অন্য দেশে যায়? এর পেছনে রয়েছে সমুদ্রের তলদেশে বিছানো হাজার হাজার মাইল দীর্ঘ তারের (ক্যাবল) নেটওয়ার্ক। মানুষের চুলের মতো সরু এসব ক্যাবলের মধ্য দিয়েই আলোর গতির কাছাকাছি বেগে ছুটে চলে ইন্টারনেটের তথ্য।
বিশ্বের বিভিন্ন মহাদেশকে যুক্ত করতে সমুদ্রের তলদেশে এর মধ্যে প্রায় ৭ লাখ ৫০ হাজার মাইল দীর্ঘ কেবল স্থাপন করা হয়েছে। অনেকটা মহাসড়কের মতোই বিভিন্ন প্রতিষ্ঠান এসব ক্যাবল ব্যবহার করে নিজেদের তথ্য আদান-প্রদানের কাজে।
সমুদ্রের তলদেশে ক্যাবল স্থাপনের কাজটি বেশ জটিল ও সময়সাপেক্ষ। প্রথমে তৈরি করা হয় ক্যাবল। পরে ৪৫৬ ফুট দীর্ঘ ‘ডিউরেবল’ নামের একটি বিশেষ জাহাজে করে সেগুলো সমুদ্রে নিয়ে যাওয়া হয়। প্রতিটি ক্যাবলের মূল উপাদান অত্যন্ত সরু কাচের তন্তু। ফাইবার অপটিক প্রযুক্তিতে এসব তন্তুর মধ্য দিয়ে লেজারের সাহায্যে আলোকসংকেত পাঠানো হয়। ফলে আলোর গতির কাছাকাছি বেগে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে যায় তথ্য। সমুদ্রের তলদেশ পেরিয়ে ক্যাবল যখন স্থলভাগে পৌঁছায়, তখন সেটি বিদ্যমান ইন্টারনেট নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা হয়। এরপর সেই নেটওয়ার্কের মাধ্যমে তথ্য পৌঁছে যায় ব্যবহারকারীর মুঠোফোন, কম্পিউটার কিংবা অন্য কোনো যন্ত্রে। এভাবেই মুহূর্তের মধ্যে ই-মেইল পড়া কিংবা ওয়েবসাইট ব্যবহারের সুযোগ তৈরি হয়।
ক্যাবল স্থাপনের জন্য সমুদ্রের তলদেশে নিরাপদ পথ নির্ধারণ করাও বেশ জটিল কাজ। সম্ভাব্য ঝুঁকি এড়িয়ে উপযুক্ত পথ খুঁজে বের করতে প্রায় এক বছর ধরে পরিকল্পনা করতে হয়। কারণ, সমুদ্রের প্রবল স্রোত, পাথরধস, ভূমিকম্প কিংবা মাছ ধরার ট্রলারের নোঙরের আঘাতে কেবল ক্ষতিগ্রস্ত হতে পারে। এসব ঝুঁকি বিবেচনায় রেখেই ক্যাবলের পথ নির্ধারণ করা হয়। সাধারণত প্রতিটি ক্যাবল ২৫ বছর পর্যন্ত কার্যকর রাখার লক্ষ্য নিয়ে তৈরি করা হয়। সূত্র: নিউইয়র্ক টাইমস
আহসান হাবীব
টেকবার্তার সঙ্গে যোগাযোগ: [email protected]
সূত্র: প্রথম আলো · তথ্য-প্রযুক্তি





