সাভার-আশুলিয়ায় ৩১ পোশাক কারখানা বন্ধ

সাভার-আশুলিয়ায় ৩১ পোশাক কারখানা বন্ধ

সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের প্রায় সব কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তবে আজও বন্ধ রয়েছে অন্তত ৩১টি পোশাক কারখানা।

বন্ধ কারখানাগুলোর মধ্যে শ্রম আইনের ১৩(১) ধারায় ২২টি এবং শ্রমিক বিক্ষোভের মুখে ৯টি কারখানা বন্ধ রয়েছে। এ ছাড়া ম্যাংগো টেক্স, ফ্যাশন ফোরাম লিমিটেড, নাঈম নিটওয়্যার লিমিটেড, স্টারলিং ক্রিয়েশন ও সাদ ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা কারখানার ভেতরে কর্মবিরতি পালন করছেন।

অন্যদিকে, বাকি কারখানাগুলোর শ্রমিকরা সকালে কর্মস্থলে যোগ দিয়ে উৎপাদন শুরু করেন। তবে নরসিংহপুর এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ দিয়ে হাজিরা নিশ্চিত করার পর ভেতরে কর্মবিরতি শুরু করেন। পরে কারখানা কর্তৃপক্ষ তাদের ছুটি ঘোষণা করে।

এখন পর্যন্ত শিল্পাঞ্চলে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এদিকে, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানার সামনে ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মো. মোমিনুল ইসলাম ভূইয়া বলেন, অধিকাংশ পোশাক কারখানায় শান্তিপূর্ণভাবে উৎপাদন চলছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কয়েকটি কারখানা ছাড়া শিল্পাঞ্চলের পরিবেশ স্বাভাবিক রয়েছে।

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

সূত্র: Daily Bangladesh · দেশজুড়ে