ব্যাংক খাতে এক বছরে আমানত বেড়েছে প্রায় ১৩ শতাংশ

দেশের ব্যাংক খাতে আমানতের প্রবৃদ্ধি বেড়েছে। গত এক বছরে ব্যাংকগুলোতে আমানত বেড়েছে ১২ দশমিক ৯৪ শতাংশ। সংশ্লিষ্টরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন সংস্কার উদ্যোগের ফলে ব্যাংক খাতের প্রতি গ্রাহকদের আস্থা ফিরতে শুরু করেছে। এর ইতিবাচক প্রভাব পড়েছে আমানত বৃদ্ধিতে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংক খাতে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ২১ লাখ ৬২ হাজার ৫২৮ কোটি ৬০ লাখ টাকা। গত বছরের একই সময়ের তুলনায় আমানত বেড়েছে ২ লাখ ৪৭ হাজার ৭৮৪ কোটি ১০ লাখ টাকা।

২০২৪ সালের সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে আমানতের পরিমাণ ছিল ১৯ লাখ ১৪ হাজার ৭৪৪ কোটি ৫০ লাখ টাকা। অন্যদিকে, চলতি বছরের আগস্টের তুলনায় সেপ্টেম্বরে আমানত বেড়েছে ৩০ হাজার ৭ কোটি ৩০ লাখ টাকা।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন উদ্যোগের ফলে ব্যাংক খাতে সাধারণ মানুষের আস্থা ফিরতে শুরু করেছে। সমস্যাগ্রস্ত কয়েকটি ব্যাংক আমানতকারীদের অর্থ ফেরত দিতে শুরু করায় এ ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়েছে।

তিনি আরও জানান, ব্যাংক খাতে স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করতে সমন্বিত সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এরই মধ্যে ১৫টি ব্যাংকের সম্পদের গুণগত মান পর্যালোচনা (অ্যাসেট কোয়ালিটি রিভিউ) শেষ হয়েছে। বিশ্বব্যাংকের সহায়তায় অন্যান্য ব্যাংকের মূল্যায়ন কার্যক্রমও এগিয়ে চলছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংকগুলোর বিতরণ করা ঋণ ও অগ্রিমের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ১১ হাজার ৯৪৪ কোটি ৩০ লাখ টাকা। গত বছরের একই সময়ের তুলনায় এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৯৬ শতাংশ। অন্যদিকে, সরকারি সিকিউরিটিজ ও অন্যান্য আর্থিক উপকরণে ব্যাংকগুলোর বিনিয়োগ এক বছরে ৩১ দশমিক ৩১ শতাংশ বেড়ে ৭ লাখ ৬৭ হাজার ৭৩১ কোটি টাকায় দাঁড়িয়েছে।

আমানত বৃদ্ধির পাশাপাশি কয়েকটি বেসরকারি ব্যাংকেও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। ২০২৫ সালের ডিসেম্বর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ব্র্যাক ব্যাংকের আমানত বেড়েছে ১৬ শতাংশ। এতে ব্যাংকটির মোট আমানত ১ লাখ ৩ হাজার ৯১ কোটি টাকা ছাড়িয়েছে। একই সময়ে সিটি ব্যাংকের আমানত ২২ দশমিক ৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭৭ হাজার ৪১২ কোটি টাকা। ব্যাংক এশিয়ার আমানতও প্রথম নয় মাসে ১৯ শতাংশ বেড়ে হয়েছে ৫৩ হাজার ৩০৮ কোটি টাকা।

অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)-এর চেয়ারম্যান ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন বলেন, এক বছরে ব্যাংক খাতে প্রায় ১৩ শতাংশ আমানত বৃদ্ধি গ্রাহকদের আস্থা ফিরে আসার উৎসাহব্যঞ্জক লক্ষণ। তবে সব ব্যাংকে আমানত বৃদ্ধির চিত্র এক নয়। গ্রাহকরা এখন তুলনামূলক ভালো সুশাসন ও শক্তিশালী আর্থিক ভিত্তি রয়েছে—এমন ব্যাংককে বেশি গুরুত্ব দিচ্ছেন।

তিনি আরও বলেন, আমানতকারীদের পূর্ণ আস্থা ফিরিয়ে আনতে সুশাসন, সম্পদের গুণগত মান এবং আর্থিক শৃঙ্খলার ধারাবাহিক উন্নয়ন নিশ্চিত করতে হবে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ব্যাংকে আমানত বাড়ার পাশাপাশি গ্রাহকরা যেন প্রয়োজনের সময় সহজে টাকা তুলতে পারেন, মেয়াদি আমানত ফেরত পান এবং চেক ও এটিএম সেবা নির্বিঘ্নে ব্যবহার করতে পারেন, সেটিও নিশ্চিত করা জরুরি। বিশেষ করে আর্থিক সংকটে থাকা ব্যাংকগুলোর ক্ষেত্রে এসব সেবা স্বাভাবিক রাখা আস্থা ফেরানোর বড় পরীক্ষা।

এসবিএসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, ব্যাংক খাতে আস্থা ফিরিয়ে আনতে শুধু তারল্য সহায়তা যথেষ্ট নয়। এর পাশাপাশি করপোরেট সুশাসন, স্বচ্ছ আর্থিক প্রতিবেদন, ঋণ আদায়, পর্যাপ্ত মূলধন সংরক্ষণ এবং অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।

বিশ্লেষকদের মতে, আমানত বৃদ্ধির এ ধারা অব্যাহত রাখার পাশাপাশি উৎপাদনশীল খাতে ঋণপ্রবাহ বাড়ানো প্রয়োজন। এতে বেসরকারি বিনিয়োগ, শিল্পের সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টিতে ব্যাংক খাত আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।

শাহ রিয়ার রিজবি – ফ্রান্স প্রতিনিধি, ঢাকা ইনফো২৪

শাহরিয়ার রিজভী (শাহ রিয়ার রিজবি, ইংরেজিতে Shahriar Rijvi) একজন বাংলাদেশি সাংবাদিক। বর্তমানে তিনি ঢাকা ইনফো২৪-এর ফ্রান্স প্রতিনিধি; ফ্রান্স ও ইউরোপের রাজনীতি এবং প্রবাসী বাংলাদেশিদের নিয়ে লেখেন।

সূত্র: Daily Bangladesh · অর্থনীতি