আনাইরিন ডোনাল্ডের ঝড়ে অস্ট্রেলিয়াকে হারাল ইংল্যান্ড

দিনভর খেলার খবর

আনাইরিন ডোনাল্ডের ঝড়ে অস্ট্রেলিয়াকে হারাল ইংল্যান্ড

দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খেলার ফল আর বড় ঘটনার তাৎক্ষণিক খবর, এক জায়গায়, পুরো দিনজুড়ে।

ওয়েলিংটনে ভারতের দাপট, নিউজিল্যান্ড পিছিয়ে ২৩৩ রানে

বেসিন রিজার্ভে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনটা পুরোপুরি ভারতের। ঋষভ পন্থ টেস্টে নবম সেঞ্চুরি তুলে নিয়েছেন। ধ্রুব জুরেল ৭৮ ও আনশুল কম্বোজ ৩৮ রানের কার্যকর ইনিংস খেলেছেন। ৯ উইকেটে ৭২০ রানে ইনিংস ঘোষণা করেছে ভারত, নিউজিল্যান্ডের মাটিতে যা কোনো দলের সর্বোচ্চ টেস্ট ইনিংস। লিড দাঁড়ায় ৩৫২ রানের।

জবাব দিতে নেমে টম লাথাম দিনটা ভুলতে চাইবেন, দুই ইনিংসেই শূন্য রানে ফিরেছেন। হেনরি নিকোলসকে দুর্দান্ত ক্যাচে ফেরান জুরেল। এরপর ওয়েলিংটনের দুই ছেলে ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র ১৩৭ বলে অবিচ্ছিন্ন ৫৯ রানের জুটি গড়ে দিন শেষ করেছেন।

চতুর্থ দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ১১৯। ভারতের চেয়ে এখনো ২৩৩ রানে পিছিয়ে স্বাগতিকেরা।

স্কোরকার্ড :

নিউজিল্যান্ড: ১ম ইনিংস ৩৬৮ ও ২য় ইনিংস ১১৯/২ (৪৫ ওভার) ভারত: ৭২০/৯ ডি. ( চতুর্থ দিন শেষে নিউজিল্যান্ড ২৩৩ রানে পিছিয়ে।)

দক্ষিণ আফ্রিকার একাদশে দুই পরিবর্তন, ফিরেছেন নর্কিয়া

সেঞ্চুরিয়ন টেস্টের একাদশ ঘোষণা করে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। একাদশে পরিবর্তন দুটি। চোটের কারণে নেই অধিনায়ক টেম্বা বাভুমা। তাঁর পরিবর্তে ঢুকেছেন টনি ডি জর্জি। অধিনায়কত্ব অবশ্য করবেন এইডেন মার্করাম। চোট কাটিয়ে ফিরেছেন পেসার আনরিখ নর্কিয়া। তাঁকে জায়গা দিতে বাদ দেওয়া হয়েছে ডেন প্যাটারসন।

দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার একাদশ

এইডেন মার্করাম (অধিনায়ক), মার্কেস অ্যাকারম্যান, জুবাইর হামজা, টনি ডি জর্জি, ম্যাথু ব্রিটজকে, রায়ান রিকেলটন (উইকেটকিপার), উইয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন, সাইমন হারমার, কাগিসো রাবাদা ও আনরিখ নর্কিয়া।

শুরুতেই দুই গোল হজম, ইয়ামালের পেনাল্টি মিস, তবু জিতল বার্সেলোনা

গোলের পর ফেরমিন লোপেজের উদ্‌যাপন
গোলের পর ফেরমিন লোপেজের উদ্‌যাপন

বার্সেলোনা ৩ : ২ ভিয়ারিয়াল

ম্যাচের বয়স তখন মাত্র সাত মিনিট। এর মধ্যেই দুই গোল হজম করে বসেছে বার্সেলোনা। ঘরের মাঠে এমন শুরু হলে ম্যাচে ফেরা কঠিনই। তার ওপর প্রথমার্ধে পেনাল্টি পেয়েও গোল করতে পারেননি লামিনে ইয়ামাল। সব মিলিয়ে বার্সেলোনার জন্য ম্যাচটা হয়ে উঠেছিল কঠিন থেকে কঠিনতর।

কিন্তু দ্বিতীয়ার্ধে মাত্র ১০ মিনিটের ঝড়ে সব হিসাব পাল্টে দিল হান্সি ফ্লিকের দল। লা লিগায়ে দুই গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ভিয়ারিয়ালকে ৩–২ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা।

ক্যাম্প ন্যুতে ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় ভিয়ারিয়াল। নিজেদের রক্ষণভাগে ফেরমিন লোপেজের ভুল পাস থেকে বল পেয়ে ২৫ গজ দূর থেকে দারুণ শটে গোল করেন তাজন বুকানন। দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন তানি ওলুয়াসেই। কানাডিয়ান ফরোয়ার্ডের জোরালো শট ঠেকানোর উপায় ছিল না গোলকিপার হোয়ান গার্সিয়ার।

৭ মিনিটের মধ্যে ২–০ গোলে এগিয়ে যায় ভিয়ারিয়াল
৭ মিনিটের মধ্যে ২–০ গোলে এগিয়ে যায় ভিয়ারিয়াল

ম্যাচে ফেরার সুযোগ অবশ্য প্রথমার্ধেই পেয়েছিল বার্সেলোনা। ২২ মিনিটে ইয়ামালকে ফাউল করে পেনাল্টি উপহার দেন ওলুয়াসেই। ভিএআরের সাহায্যে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি।

কিন্তু ২৩ মিনিটে স্পটকিক থেকে গোল করতে পারেননি ইয়ামাল। তাঁর বাঁ পায়ের শট পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। পরে আরও কয়েকবার চেষ্টা করেও গোলের দেখা পাননি একই দলের বিপক্ষে আগের ছয় ম্যাচে পাঁচ গোল করা এই তরুণ। বিরতির সময় তাই ২–০ গোলে এগিয়ে ছিল ভিয়ারিয়াল।

দ্বিতীয়ার্ধে অবশ্য অন্য এক বার্সেলোনাকে দেখা যায়। আক্রমণের গতি বাড়িয়ে ভিয়ারিয়ালের রক্ষণে একের পর এক চাপ তৈরি করতে থাকে স্বাগতিকেরা। ৫৬ মিনিটে জোয়াও কানসেলোর শট পোস্টে লেগে ফিরে আসে। পরের মিনিটেই ব্যবধান কমান জেরার্দ মার্তিন। পেদ্রির ক্রস থেকে হেডে গোল করেন বার্সেলোনার এই ডিফেন্ডার।

বার্সেলোনাকে সমতায় ফেরান জেরার্দ মার্তিন
বার্সেলোনাকে সমতায় ফেরান জেরার্দ মার্তিন

এরপর মাত্র চার মিনিটের মধ্যে সমতায় ফেরে বার্সেলোনা। ৬১ মিনিটে ডান দিক দিয়ে আক্রমণে উঠে বল নিয়ে বক্সের সামনে ঢুকে পড়েন ইয়ামাল। তাঁর বাড়ানো বল পেয়ে প্রথম ছোঁয়ায় জালে পাঠান ফেরমিন লোপেজ।

সমতায় ফেরার পর বার্সেলোনাকে আর থামানো যায়নি। ৬৭ মিনিটে এগিয়েও যায় দলটি। ইয়ামালের সঙ্গে দারুণ বোঝাপড়ার পর এরিক গার্সিয়ার বাড়ানো বল নিজেদের জালে পাঠিয়ে দেন ভিয়ারিয়ালের ডিফেন্ডার পাউ নাভারো। ১০ মিনিটের ব্যবধানে ২–০ থেকে ৩–২—বার্সেলোনার প্রত্যাবর্তন সম্পন্ন হয় এভাবেই।

এই জয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান তিনে নিয়ে গেল বার্সেলোনা। ১৩ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৩৬, দ্বিতীয় স্থানে রিয়ালের ৩৩।

লা লিগায় সিমিওনের ইতিহাস

দিয়েগো সিমিওনে
দিয়েগো সিমিওনে

লা লিগায় গতকাল রাতে হেতাফেকে ৩–০ গোলে হারিয়েছে আতলেতিকো মাদ্রিদ। এই জয়ের মধ্য দিয়ে লা লিগা ইতিহাসে কোচ হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড গড়েছেন দিয়েগো সিমিওনে।

আর্জেন্টাইন এই কোচ স্প্যানিশ লিগটিতে ৫৬৭ ম্যাচ ডাগআউটে দাঁড়িয়ে জিতেছেন ৩৪৫টিতে। পেছনে ফেলেছেন ৭৫৬ ম্যাচের ৩৪৪টি জেতা লুইস আরাগনেসকে।

নিউজিল্যান্ডকে অলআউট করতে পারেনি ভারত, মেনে নিতে হলো ড্র

পঞ্চম দিনে ওয়েলিংটনের বেসিন রিজার্ভে শেষ পর্যন্ত ড্র মেনেই নিতে হলো ভারতকে।নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য শেষ দিনে ৮ উইকেটের দরকার ছিল ভারতের। তবে ৭৫ ওভার বল করে ৩ উইকেটের বেশি নিতে পারেনি দলটি।

ষষ্ঠ উইকেটে গ্লেন ফিলিপস ও ড্যারিল মিচেল মিলে খেলেন ২৫৯ বল। তাদের প্রতিরোধের মুখে জুটি ভাঙতে না পারায় দিনের এক ঘণ্টা বাকি থাকতে হাল ছেড়ে দেয় ভারত।

প্রথম ইনিংসে আগে ব্যাট করে ৩৬৮ রান করেছিল নিউজিল্যান্ড। জবাবে ৯ উইকেটে ৭২০ রান তুলে ইনিংস ঘোষণা করে ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চতুর্থ দিন শেষে কিউইদের স্কোর ছিল ২ উইকেটে ১১৯। তবে আজ সারাদিনে আর ৩টির বেশি উইকেট পড়তে দেয়নি কিউইরা। ৫ উইকেটে ২৩৯ রান তোলার পর ড্র মেনে নেয় দুই দল।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে বাকি সাত ম্যাচের ছয়টিতেই জিততে হবে ভারতকে।

স্কোর কার্ড

নিউজিল্যান্ড: ৩৬৮ ও ২৩৯/৫ ভারত: ৭২০/৯ প্লেয়ার অব দ্য ম্যাচ: হেনরি নিকোলস (নিউজিল্যান্ড)

চ্যাম্পিয়নস লিগে ইয়ামালকে পাচ্ছে না বার্সা

বার্সা তারকা লামিনে ইয়ামাল
বার্সা তারকা লামিনে ইয়ামাল

অ্যাঙ্কেলে চোটের কারণে আগামী বুধবার রাতে আজারবাইজানের ক্লাব সাবাহর বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে খেলতে পারবেন না লামিনে ইয়ামাল। আজ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বার্সেলোনা।

আগামী রোববার লা লিগায় দেপোর্তিভো লা করুনিয়ার বিপক্ষে ম্যাচের আগে ইয়ামালের সুস্থ হয়ে ওঠার আশায় আছে কাতালান ক্লাবটি।

হার বাংলাদেশ ‘এ’ দলের

দোহায় রাইজিং স্টারস এশিয়া কাপে এ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কা ‘এ’ দলের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল।

টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে ১৪৫ রানে অলআউট হয় সাইফ হাসানের দল। সর্বোচ্চ ৩২রান এসেছে পারভেজ হোসেনের ব্যাট থেকে। ২৮ রান করেন সাইফ। ১০০ রান তুলতে ৬ উইকেট হারানোর পর তাঁর দল আর ঘুরে দাঁড়াতে পারেনি।

৪ উইকেট নেন শ্রীলঙ্কা ‘এ’ দলের স্পিনার রবিন্দু ফার্নান্দো।

বোলিংয়ে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক সাইফ। ব্যাটিংয়ে ভালো করতে পারেনি তাঁর দল
বোলিংয়ে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক সাইফ। ব্যাটিংয়ে ভালো করতে পারেনি তাঁর দল

তাড়া করতে নেমে নিশান মাদুস্কার অপরাজিত ৫১ ও পবন রত্নায়েকের ৪৫ রানের ইনিংসে ১৬৯ বল হাতে রেখে জিতেছে শ্রীলঙ্কা ‘এ’ দল। ১টি করে উইকেট রাকিবুল, সামিউন ও আফিফের।

আগেই সেমিফাইনাল নিশ্চিত করা বাংলাদেশ ‘এ’ দল এই হারে গ্রুপ ‘এ’র রানার্সআপ হিসেবে শেষ চারে উঠল। দোহায় আগামী ২৭ নভেম্বর ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দলের বিপক্ষে সেমিফাইনালে মুখোমুখি হবে সাইফের দল।

২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পাকিস্তান ‘এ’ দল আপাতত ‘বি’ গ্রুপের শীর্ষে। সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে দুইয়ে ভারত ‘এ’ দল। ভারত ‘এ’ দল ও পাকিস্তান ‘এ’ দল গ্রুপপর্বে আরও একটি করে ম্যাচ খেলবে।

রিয়াল ফরোয়ার্ড এনদ্রিক
রিয়াল ফরোয়ার্ড এনদ্রিক

এনদ্রিকের চোট

রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড এনদ্রিক ডান ঊরুতে চোট পাওয়ায় মাঠের বাইরে ছিটকে গেছেন বলে সোমবার এক বিবৃতিতে জানিয়েছে ক্লাবটি। তবে কতদিন মাঠের বাইরে থাকবেন রিয়াল তা জানায়নি। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এনদ্রিক দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে পারেন।

চ্যাম্পিয়নস লিগে আগামীকাল রাতে পিএসভি আইন্দহফেনের মুখোমুখি হবে রিয়াল। এই ম্যাচের সঙ্গে আলাভেস, রিয়াল সোসিয়েদাদ, অ্যাথলেটিক বিলবাও, আর্সেনাল ও ওসাসুনার বিপক্ষে ম্যাচগুলোতেও এনদ্রিকের না খেলার ঝুঁকি রয়েছে।

মেয়েদের বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন স্পেন
মেয়েদের বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন স্পেন

নারী বিশ্বকাপ ফিরছে যুক্তরাষ্ট্রে

কোস্টারিকা, জ্যামাইকা ও মেক্সিকোকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্র ২০৩১ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক হবে বলে গতকাল সোমবার জানিয়েছে ফিফা। বিশেষ কংগ্রেসে চারটি দেশের যৌথ আয়োজনের প্রস্তাব অনুমোদন করে সিদ্ধান্তটি জানায় ফুটবলের এ নিয়ন্ত্রক সংস্থা।

একই সম্মেলনে ২০৩৫ সালের নারী বিশ্বকাপ আয়োজনের স্বত্ত্ব দেওয়া হয় ইংল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসকে।

জাতীয় স্টেডিয়ামে পাঁচ বছর পর ফিরল ঘরোয়া ফুটবল, ফর্টিসের বড় জয়, জিতেছে আবাহনীও

রহমতগঞ্জকে ৩-০ ব্যবধানে হারিয়েছে ফর্টিস
রহমতগঞ্জকে ৩-০ ব্যবধানে হারিয়েছে ফর্টিস

ঢাকার জাতীয় স্টেডিয়ামে পাঁচ বছর পর ফিরল ঘরোয়া ফুটবল। কিন্তু সাফ ফুটবলের সময় যে গ্যালারি দর্শকে উপচে পড়েছিল, এবার সেখানে দর্শক প্রায় নেই। ফর্টিস এফসি ও রহমতগঞ্জের ম্যাচ দেখতে সব মিলিয়ে উপস্থিতি ছিল প্রায় ৫০০।

ম্যাচে অবশ্য গোলের অভাব হয়নি। এরিক বিস্তার দুর্দান্ত ভলি, অধিনায়ক পা ওমরের বাঁ পায়ের ফ্রি-কিক এবং স্টিফেন চুকউদের গোলে রহমতগঞ্জকে ৩-০ ব্যবধানে হারিয়েছে ফর্টিস। ফেডারেশন কাপে এটি তাদের প্রথম জয়। আগের ম্যাচে ফকিরেরপুলের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল তারা।

দিনের অন্য ম্যাচে মুন্সিগঞ্জে ফকিরেরপুলকে ২-০ গোলে হারিয়েছে ঢাকা আবাহনী। শেখ মোরছালিনের দুর্দান্ত শটের পর আল-আমিন করেন দ্বিতীয় গোল। সদ্য সমাপ্ত সাফে এক মিনিটও খেলার সুযোগ না পাওয়া মোরছালিন গোল করে উদযাপন করেননি।

মানিকগঞ্জে চট্টগ্রাম সিটির কাছে ১-০ গোলে হেরেছে ব্রাদার্স ইউনিয়ন। ৮৯ মিনিটে জাফর ইকবাল করেন জয়সূচক গোল।

আনাইরিন ডোনাল্ডের ৩২ বলে ৮৫

আনাইরিন ডোনাল্ডের বিধ্বংসী ব্যাটিংয়ে উড়ে গেল অস্ট্রেলিয়া। সিরিজের দ্বিতীয় ম্যাচে তাঁর ৩২ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংসে ভর করে ১৮৫ রানের লক্ষ্য মাত্র ১৩.১ ওভারেই পেরিয়ে গেছে ইংল্যান্ড। ৮ উইকেটের এই দাপুটে জয়ে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে তারা। সিরিজের প্রথম ম্যাচে জিতেছিল অস্ট্রেলিয়া।

শাহ রিয়ার রিজবি – ফ্রান্স প্রতিনিধি, ঢাকা ইনফো২৪

শাহরিয়ার রিজভী (শাহ রিয়ার রিজবি, ইংরেজিতে Shahriar Rijvi) একজন বাংলাদেশি সাংবাদিক। বর্তমানে তিনি ঢাকা ইনফো২৪-এর ফ্রান্স প্রতিনিধি; ফ্রান্স ও ইউরোপের রাজনীতি এবং প্রবাসী বাংলাদেশিদের নিয়ে লেখেন।

সূত্র: প্রথম আলো · খেলাধুলা