মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীন ইরানকে অস্ত্র সরবরাহ করার- প্রমাণ মিললে দেশটির ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
রোববার (১২ এপ্রিল) এক টেলিফোন সাক্ষাৎকারে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ-কে দেওয়া বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানকে অস্ত্র সরবরাহে জড়িত যেকোনো দেশের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ প্রসঙ্গে চীনের নাম উল্লেখ করে তিনি বলেন, ‘হ্যাঁ, চীন এবং অন্য দেশগুলোর ক্ষেত্রেও একই পদক্ষেপ নেওয়া হবে।’
তিনি দাবি করেন, বিভিন্ন সংবাদমাধ্যমে চীনের পক্ষ থেকে ইরানকে কাঁধে বহনযোগ্য বিমান-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরবরাহের তথ্য উঠে এসেছে। তবে একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, বেইজিং হয়তো এমন পদক্ষেপ অব্যাহত রাখবে না।
ট্রাম্প বলেন, ‘তাদের সঙ্গে আমার সম্পর্ক বিবেচনায় আমি মনে করি না তারা এ কাজ চালিয়ে যাবে। হয়তো শুরুতে সীমিত কিছু করেছে, কিন্তু পুনরাবৃত্তি করবে বলে মনে হয় না।’
তবুও সতর্কবার্তা দিয়ে তিনি যোগ করেন, ‘যদি আমরা তাদের হাতেনাতে ধরতে পারি, তাহলে ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে—যা অনেক বড় অঙ্ক।’
সুত্র: ফক্স নিউজ।
