নাটোরে দিন দিন বাড়ছে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা। সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলায় এখন পর্যন্ত হামের উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯২ জনে।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর পর্যন্ত সদর হাসপাতালে ৮ জন, লালপুরে ১ জন, গুরুদাসপুর ২ জন, বড়াইগ্রামে ১জন, নলডাঙ্গা ১জন এবং সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জনসহ মোট ১৫ জন রোগী ভর্তি রয়েছেন।
এ পরিস্থিতিতে জেলা স্বাস্থ্য বিভাগ হামের বিশেষ টিকাদান কর্মসূচি জোরদার করেছে। ইতোমধ্যে জেলায় ২১ হাজার ৮৫২ জনকে টিকা প্রদান করা হয়েছে।
হাসপাতালে ভর্তি হওয়া হাম আক্রান্ত শিশুদের অভিভাবকরা জানিয়েছেন, হামের উপসর্গ দেখা দেওয়ার পর তাদের হাসপাতালে আনা হয়। চিকিৎসকদের সেবা ও ভ্যাকসিন প্রয়োগে বর্তমানে শিশুরা অনেকটাই সুস্থ হয়ে উঠছে। তবে হাসপাতালের চিকিৎসা সেবার নানা সীমাবদ্বতার অভিযোগ তাদের।
নাটোরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. কামাল উদ্দিন ভূঁইয়া জানান, প্রতিদিন রোগীর সংখ্যা বাড়ায় কিছুটা উদ্বেগ দেখা দিলেও আতঙ্কিত হওয়ার কারণ নেই। তিনি সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।
তিনি আরও জানান, জেলা সদর হাসপাতালসহ সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত টিকা মজুদ রয়েছে। নাটোর সদর উপজেলাকে হামের রেড জোন ঘোষণা করায় ১৮ দিনব্যাপী বিশেষ টিকাদান কার্যক্রম চলমান রয়েছে এবং চিকিৎসা সেবায় কোনো ঘাটতি নেই।
সালাউদ্দিন/সাএ
