বগুড়ার শাজাহানপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার ফুলতলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
নিহত সিয়াম (১৭) বগুড়া সদর উপজেলার ফুলতলা এলাকার সাদিকুল ইসলামের ছেলে। আহত তুহিন (১৬) শাজাহানপুর থানার ক্যান্টনমেন্ট পাড়া এলাকার হিরোর ছেলে। এদিকে হামলার ঘটনায় সন্দেহভাজন তূর্য (২২) নামের এক যুবক এলাকাবাসীর গণপিটুনিতে আহত হয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধারালো চাকু নিয়ে একদল অজ্ঞাত দুষ্কৃতিকারী তুহিন (২২) ও সিয়াম(১৬) ওপর অতর্কিত হামলা চালায়। হামলার পরপরই তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন। এদিকে সিয়ামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়।
এর জের ধরে সিয়ামের পক্ষের লোকজন সন্দেহভাজন তূর্যকে (২২) ছুরিকাঘাত ও মারধর করে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। আহতদের মধ্যে তুহিন পেশায় একজন গাড়ির হেলপার।
ঘটনার বিষয়ে ওসি আশিক ইকবাল বলেন, পূর্ব শত্রুতার জেরেই এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আহত তুহিন সুস্থ হলে তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরও তথ্য পাওয়া যাবে। গণপিটুনির ঘটনায় আহতদের বিষয়ে তিনি বলেন, বিষয়টি তদন্তাধীন এবং এখনই বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।
ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। নিহত সিয়ামের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় থানায় কোনও মামলা দায়ের করা হয়নি।
