রাজবাড়ীর পাংশা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রইচ উদ্দিন খানের বিরুদ্ধে চাঁদাবাজি ও মারধরের অভিযোগের প্রতিবাদে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টার সময় পাংশা পৌর শহরের দর্গাতলা এলাকায় পৌর বিএনপি কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে পাংশা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রইচ উদ্দিন খান লিখিত বক্তব্যে বলেন, ইদ্রিস আলী মন্ডল সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিম, তার ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মন্ডল এবং মিতুল হাকিমের ক্যাডার। আওয়ামী লীগ সরকারের সময়ে কানু কুন্ডুর নিকট থেকে জোরপূর্বক সাড়ে ১৭ শতাংশ জমি পাওয়ার অব অ্যাটর্নি করে নেয়। ইদ্রিস মন্ডল আমার নিকট ১০ শতাংশ জমি ১৬ লক্ষ ৬০ হাজার টাকায় বিক্রি করে।
ওই জমি লিখে দেওয়ার কথা বললে আজকাল করে ঘোরাতে থাকে। গত ১৬ এপ্রিল সকাল ৯টার সময় তার ইটভাটা অফিসে গিয়ে জমি রেজিস্ট্রি করা সহ ২০১৮ সালে আমার ভাই নাসির খানের নিকট থেকে ভাড়া নেওয়া ভেকুর হিসাব দেওয়ার কথা বললে দ্রুত জমি রেজিস্ট্রি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। আমি সেখান থেকে চলে আসার পর আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে।
মূলত আগামী পৌরসভা নির্বাচনে আমি প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ায় একটি কুচক্রী মহলের ষড়যন্ত্রে এহেন মিথ্যা ও বানোয়াট অভিযোগ দায়ের করা হয়েছে। আমি আওয়ামী লীগের দোসর ইদ্রিস মণ্ডলের গ্রেপ্তার দাবি জানাচ্ছি। তাকে গ্রেপ্তার না করা হলে কর্মসূচি ঘোষণা করা হবে।
এ সময় পাংশা উপজেলা যুবদলের সদস্য সচিব সেলিম সরদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. তুহিনুর রহমান, জমির মালিক পলি কুন্ডু সহ নেতাকর্মীরা বক্তব্য রাখেন। সংবাদ সম্মেলনে পাংশা উপজেলা ও পৌর বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
কুশল/সাএ
