Dhakainfo24
ঢাকাশনিবার , ১৮ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে বজ্রপাতের আঘাত: ধান কাটার মৌসুমে শোকের ছায়া

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১৮, ২০২৬ ৮:৫১ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জের হাওরাঞ্চলে বোরো ধান কাটার ব্যস্ততম মৌসুমে পৃথক তিনটি বজ্রপাতের ঘটনায় তিন কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ শনিবার (১৮ এপ্রিল) দুপুরে জেলার তাহিরপুর, জামালগঞ্জ ও ধর্মপাশা উপজেলায় এই হৃদয়বিদারক ঘটনাগুলো ঘটে। এ ঘটনায় আরও দুইজন কৃষক গুরুতর আহত হয়েছেন।

​নিহত কৃষকরা হলেন, তাহিরপুর সদর ইউনিয়নের গাজীপুর গ্রামের আবুল কালাম ওরফে কালা মিয়া (২৮), জামালগঞ্জ সদর ইউনিয়নের চাঁনপুর গ্রামের নুরুজ্জামান (৪০) এবং ধর্মপাশা উপজেলার পাইকুরহাটি ইউনিয়নের বড়ইহাটি গ্রামের হাবিবুর রহমান (৪৫)।

স্থানীয় প্রশাসন ও পুলিশ সূত্রে জানা যায়, আজ দুপুরে আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার পরপরই বজ্রপাত শুরু হয়। এ সময় হাওরে কর্মরত কৃষকরা নিথর হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ​তাহিরপুরের মাটিয়ান হাওরে হাঁসের খামারে কাজ করার সময় বজ্রপাতে আবুল কালাম ঘটনাস্থলেই মারা যান। এ সময় তাঁর সহকর্মী নূর মোহাম্মদ গুরুতর আহত হন। ​জামালগঞ্জের পাগনার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে নুরুজ্জামান এবং তাঁর চাচাতো ভাই তোফাজ্জল আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নুরুজ্জামানকে মৃত ঘোষণা করেন। ​ধর্মপাশার টগার হাওরে ধান কাটার সময় বজ্রপাতের শিকার হন কৃষক হাবিবুর রহমান। তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করা হলেও তিনি ঘটনাস্থলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আহত তোফাজ্জল হোসেন ও নূর মোহাম্মদকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মতিউর রহমান। তিনি জানান, “বজ্রপাতে প্রাণ হারানো কৃষকদের পরিবারের প্রতি আমরা গভীর শোক প্রকাশ করছি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে এবং সরকারি নিয়ম অনুযায়ী দ্রুত আর্থিক অনুদান প্রদানের জন্য স্থানীয় উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

​প্রতি বছর বোরো মৌসুমে হাওর অঞ্চলে বজ্রপাত একটি বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। উন্মুক্ত হাওরে আশ্রয়ের কোনো ব্যবস্থা না থাকায় এবং কৃষকদের ধান কাটার তাগিদে মাঠে থাকতে হওয়ায় এমন মর্মান্তিক প্রাণহানি ঘটছে বলে স্থানীয়রা মনে করছেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।