অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (ডিএপিএফসিএল) উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
শনিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে কারখানার মজুত অ্যামোনিয়া শেষ হয়ে গেলে সার উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
কারখানা সূত্র জানিয়েছে, ডিএপি কারখানাটি পার্শ্ববর্তী দুই সার কারখানা— চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে উৎপাদন চালিয়ে থাকে।
তবে গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে সিইউএফএল ও কাফকোতে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। এর ফলে দুটি কারখানা থেকেই ডিএপি কারখানায় অ্যামোনিয়া সরবরাহ বন্ধ হয়ে পড়ে।
এরপর আগের মজুত অ্যামোনিয়া ব্যবহার করে প্রায় দেড় মাস উৎপাদন চালু রাখা হয়। কিন্তু শনিবার সেই মজুতও শেষ হয়ে গেলে উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়।
ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) নিয়ন্ত্রিত একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান। দেশের কৃষি খাতে যৌগিক সারের (নাইট্রোজেন ও ফসফরাস-সংবলিত) চাহিদা মেটাতে সরকার কারখানাটি স্থাপন করে এবং ২০০৬ সাল থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু হয়। কারখানার দুটি ইউনিটের প্রতিটিতে ৮০০ মেট্রিক টন সার উৎপাদনের ক্ষমতা রয়েছে।
ডিএপি সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাঈনুল হক বলেন, গত ৪ মার্চ থেকে আমরা অ্যামোনিয়া পাচ্ছি না। আগের মজুত দিয়ে উৎপাদন চলে আসছিল, কিন্তু মজুত শেষ হওয়ায় আপাতত উৎপাদন বন্ধ। যখনই অ্যামোনিয়া পাওয়া যাবে, উৎপাদন পুনরায় শুরু হবে।
কুশল/সাএ
