বরগুনার পাথরঘাটা উপজেলায় এসএসসি-২০২৬ সালের পরীক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় অভিনন্দিত করেছে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল। পরীক্ষার ক্লান্তি শেষে এমন ব্যতিক্রমী আয়োজনে আনন্দে ভরে ওঠে শিক্ষার্থীদের মুখ।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে পাথরঘাটা কেএম পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে পরীক্ষা শেষে বের হওয়া শিক্ষার্থীদের হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানান ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারা এবং পরীক্ষার্থীদের সফলতা কামনা করেন।
এছাড়াও তীব্র গরমের মধ্যে পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি ও হালকা খাবার বিতরণ করা হয়, যা উপস্থিতদের মাঝে স্বস্তি এনে দেয়। জাতীয় সংসদের মাননীয় চীফ হুইপ ও বরগুনা-২ আসনের ৪ বারের সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মনির নির্দেশনায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয় বলে জানানো হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সভাপতি কে এম হাসিবুল্লাহ, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম শরীফ, পৌর ছাত্রদলের সভাপতি মাহবুবুর রহমান, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক গাজী রিয়াদুল ইসলামসহ ছাত্রদলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ ধরনের মানবিক উদ্যোগ পরীক্ষার্থীদের মাঝে উৎসাহ ও ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কুশল/সাএ
