বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আখাউড়ায় ফুটপাত হকারমুক্ত, কমেছে যানজট


সেপ্টেম্বর ২৪, ২০২৬ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!

দীর্ঘদিনের যানজট, ফুটপাত দখল করে দোকান বসানো এবং সড়কের ওপর পণ্য বিক্রির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের ব্যস্ততম সড়ক বাজার এলাকায় নিত্যদিনের ভোগান্তিতে পড়তেন পথচারী ও যানবাহনচালকরা। সকাল থেকে রাত পর্যন্ত সড়কের দুই পাশে দোকান বসায় সংকুচিত হয়ে আসত চলাচলের জায়গা।

তবে পৌরসভার উদ্যোগে ফল ও কাঁচাবাজারের ব্যবসায়ীদের নির্ধারিত স্থানে সরিয়ে নেওয়ার পর বদলে গেছে সেই চিত্র। বৃহস্পতিবার সকাল থেকে সড়ক বাজার এলাকার ফুটপাত দোকানমুক্ত রয়েছে। সড়কেও নেই আগের মতো যানজট। ফলে স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছেন পথচারী ও যানবাহনচালকরা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে সড়কের পাশে ও ফুটপাত দখল করে ফল, শাকসবজি ও বিভিন্ন পণ্যের দোকান বসানো হতো। অনেক ব্যবসায়ী সড়কের একাংশ দখল করে পসরা সাজিয়ে বসায় যানবাহন চলাচলের জায়গা কমে যেত। পথচারীদেরও বাধ্য হয়ে দোকানের ফাঁক দিয়ে কিংবা মূল সড়কে নেমে চলাচল করতে হতো। এতে ব্যস্ত সময়ে সৃষ্টি হতো তীব্র যানজট।

এখন পৌরসভার নির্ধারিত স্থানে বাজার বসায় সড়কের ওপর আর দোকান দেখা যাচ্ছে না। ফলে যানবাহন চলাচল অনেকটাই স্বাভাবিক হয়েছে। বাজারে আসা ক্রেতারাও নির্দিষ্ট স্থানে গিয়ে পণ্য কিনতে পারছেন।

একসময় সড়কের দুই পাশে সারিবদ্ধ দোকান, ফলের ঝুড়ি ও সবজির পসরা ছিল সড়ক বাজার এলাকার নিত্যদিনের দৃশ্য। দোকান বসানোর কারণে ফুটপাত কার্যত পথচারীদের চলাচলের অনুপযোগী হয়ে পড়ত। বর্তমানে সেই জায়গা অনেকটাই ফাঁকা। যানবাহনের পাশাপাশি পথচারীরাও নির্বিঘ্নে চলাচলের সুযোগ পাচ্ছেন।

স্থানীয়দের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে পৌরসভা ভ্রাম্যমাণ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের নির্দিষ্ট স্থানে পুনর্বাসনের উদ্যোগ নেয়। এর অংশ হিসেবে পৌরসভা-সংলগ্ন একটি খালি জায়গায় ৯৮টি বসার ব্যবস্থা করা হয়। পরে আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসকের মাধ্যমে লটারির মাধ্যমে এসব জায়গা ক্ষুদ্র ব্যবসায়ীদের বুঝিয়ে দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা মো. আশরাফুল আলম বলেন, দীর্ঘদিন ধরে শহরের প্রধান সড়কের দুই পাশের ফুটপাত দখল করে ব্যবসা চলায় যানজট লেগেই থাকত। এখন সকাল থেকে ফুটপাত হকারমুক্ত থাকায় নির্বিঘ্নে চলাচল করা যাচ্ছে। এমন পরিবেশেরই প্রত্যাশা ছিল।

পথচারী আলম বলেন, সড়ক বাজার এলাকায় সকাল থেকে ফুটপাতে হকার না থাকায় যানজটও নেই। পুরো শহরে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। প্রশাসন চাইলে উদ্যোগ নিয়ে পরিস্থিতির পরিবর্তন করতে পারে, এটি তারই প্রমাণ।

আরেক পথচারী আব্দুল বাছির মিয়া বলেন, আগে অল্প দূরত্বের পথ পাড়ি দিতেও দীর্ঘ সময় লাগত। এখন রাস্তা ও ফুটপাত ফাঁকা থাকায় দ্রুত গন্তব্যে যাওয়া যাচ্ছে। এতে ভোগান্তি অনেক কমেছে।

অটোরিকশাচালক রনি বলেন, সকাল থেকে পৌর শহরের সড়ক বাজারকে নতুন রূপে দেখা যাচ্ছে। রাস্তায় যানজট নেই, ফুটপাতেও কোনো দোকান নেই। যানজট কম থাকলে একই সময়ে বেশি ট্রিপ দেওয়া যায়। যাত্রীদেরও দীর্ঘ সময় রাস্তায় বসে থাকতে হয় না।

নতুন জায়গায় ব্যবসা শুরু করা হকার মো. বোরহান উদ্দিন বলেন, নতুন জায়গা ও পরিবেশ ভালো লাগছে। আগে ফুটপাতে ব্যবসা করতে গিয়ে সবসময় ভয় থাকত, কখন প্রশাসনের লোকজন এসে সরিয়ে দেয়। এখন নির্দিষ্ট জায়গায় ব্যবসা করার সুযোগ পেয়েছেন। প্রথম দিনেই ভালো সাড়া পাচ্ছেন বলে জানান তিনি।

ব্যবসায়ীরা বলছেন, যানজট কমে যাওয়ায় বাজারে ক্রেতাদের চলাচল সহজ হয়েছে। স্বাভাবিক পরিবেশ থাকলে মানুষও স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারবেন। এই ব্যবস্থা দীর্ঘস্থায়ী করার ওপর গুরুত্ব দিয়েছেন তারা।

স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, নির্ধারিত স্থানে বাজার বসানোর উদ্যোগ নিয়মিতভাবে কার্যকর করা হলে পৌর শহর আরও পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল হবে। একই সঙ্গে ফুটপাত পথচারীদের জন্য উন্মুক্ত রাখা এবং সড়কের ওপর দোকান বসানো বন্ধে নিয়মিত নজরদারি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।

আখাউড়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া বলেন, পৌর এলাকার সড়ক বাজারের যানজট সমস্যা দীর্ঘদিনের। স্থায়ী সমাধানের চিন্তা থেকেই ফুটপাতের ব্যবসায়ীদের বসার জন্য নির্ধারিত স্থান করা হয়েছে। পাশাপাশি ওই স্থানের পাশে মোটরসাইকেল পার্কিংয়ের ব্যবস্থাও রাখা হয়েছে।

তিনি বলেন, ফুটপাতে বসে দোকান চালানোর কোনো সুযোগ নেই। কেউ নিয়ম ভেঙে ফুটপাতে বসলে এবং প্রয়োজনে তাকে বসার সুযোগ করে দেওয়া দোকানিকেও জরিমানার আওতায় আনা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});