ঢাকা, বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
ঢাকা, বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
দুই দেশেরই প্রস্তুতি চলছে ভারত-ব্রাজিল ম্যাচকে কেন্দ্র করে । এর মধ্যেই বিস্ফোরক মন্তব্য করে বসলেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। ভিনিসিয়ুস জুনিয়রদের কোচের দাবি, ভারতে ফুটবল সংস্কৃতি নেই। বর্তমানে অস্ট্রেলিয়ায় রয়েছে ব্রাজিল দল। সেখানে প্রীতি ম্যাচ খেলে সরাসরি ভারতে আসবে সেলেসাওরা। তার আগে কোনও রাখঢাক না করেই ভারতীয় ফুটবল সম্পর্কে নিজের ধারণা ব্যক্ত করেন আনচেলত্তি। ভারতে ফুটবলের ‘সংস্কৃতি’ এখনও গড়ে ওঠেনি। দেশের ফুটবল কাঠামো নিয়ে এমনই মন্তব্য করলেন ব্রাজিলের প্রধান কোচ। আনচেলত্তির মতে, ভারতে তৃণমূল স্তরে এমন কোনও শক্তিশালী ব্যবস্থা এখনও তৈরি হয়নি, যার মাধ্যমে ধারাবাহিকভাবে প্রতিভাবান তরুণ ফুটবলার তুলে আনা সম্ভব। আগামী ৩রা অক্টোবর ভারতের বিপক্ষে যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলবে ব্রাজিল। আনচেলত্তি জানান, ভারতে খেলতে আসা নিয়ে তিনি উৎসাহিত। ব্রিসবেন থেকে ব্রাজিলের কোচ জানান, বিশ্বের বাকি দেশগুলোর ফুটবল সংস্কৃতি নিয়ে ব্রাজিলের ধারণা থাকা দরকার। তিনি দাবি করেন, বিশ্বমানের প্রতিপক্ষের বিরুদ্ধে খেলার খুব একটা অভিজ্ঞতা নেই ভারতের। তাই দুই দলের কাছেই এটা বড় সুযোগ। আনচেলত্তি বলেন, ‘আমাদের অন্য দেশ এবং অন্য সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে হবে। বিভিন্ন ধরনের ফুটবল খেলা দলের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলতে আমরা অভ্যস্ত। ভারতের বিপক্ষে ম্যাচটা আকর্ষণীয় হবে। এটা ঠিক যে বিশ্বমানের প্রতিপক্ষের বিপক্ষে ভারতের খুব বেশি অভিজ্ঞতা নেই। তবে তারা কীভাবে খেলে, সেটা আমাদের জানাও গুরুত্বপূর্ণ। আমি কখনও ভারতে আসিনি। কলকাতায় যাওয়ার জন্য আমি অধীর অপেক্ষায় রয়েছি।’ এরপরই ভারতীয় ফুটবল নিয়ে আরও কড়া মন্তব্য করেন রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ। আনচেলত্তি বলেন, ‘আমার মনে হয়, এটা সংস্কৃতির সমস্যা। ভারতে ফুটবলের সংস্কৃতি নেই। তবে অন্য খেলায় ভারত ভাল। নতুন প্রজন্মের ফুটবলার তৈরি করতে এই জায়গায় কাজ করতে হবে।’ ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভারতের প্রথম প্রতিপক্ষ পানামা। এরপর ব্রাজিল এবং উরুগুয়ের মুখোমুখি হবে খালিদ জামিলের দল। শেষ দু’টি ম্যাচই হবে কলকাতায়। আন্তর্জাতিক ফুটবলে ভারতের সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা আশা জাগানোও নয়। ২০২৪ সালের জুনে কাতারের কাছে ২-১ গোলে হেরে ২০২৬ ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জনের তৃতীয় রাউন্ডে ওঠার সুযোগ হারায় ভারত। এরপর ২০২৭ এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বেও ব্যর্থ হয়।
ফোন: +৮৮০৯৬১১৪৫১৮৭১
সোশ্যাল মিডিয়াতে আমরা
ই-মেইল: [email protected]