একজন খারাপ হলেও ৯৯ জন ভালো, আমি সব সময় ভালোর পক্ষে এবং সমাজের অন্যায় ও খারাপের বিপক্ষে। নিজ দলের মধ্যেও যদি কেউ খারাপ কাজ করে, আপনারা তাদের বিরুদ্ধে লিখবেন। এমনকি আমি নিজে কোনো অন্যায় করলেও নির্দ্বিধায় লিখবেন, যাতে আমি নিজেকে সংশোধন করতে পারি। লেখালেখিতে আপনারা সম্পূর্ণ স্বাধীন, নির্ভয়ে গঠনমূলক সমালোচনা করবেন।
পাবনার চাটমোহর মিলনায়তনে চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। শনিবার বেলা ১১টায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এমপি আরিফা সুলতানা রুমা বলেন, সাংবাদিকরা যেন তাদের লেখনীর মাধ্যমে সরকারপ্রধান প্রধানমন্ত্রী তারেক রহমানের গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপগুলো জনগণের সামনে তুলে ধরেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তার নাম ভাঙিয়ে কেউ দুর্নীতি বা অন্যায় করলে তথ্য পাওয়া মাত্রই তিনি কঠোর ব্যবস্থা নেবেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের মুখে হাসি ফোটাতে সাদামাটা জীবনযাপন করছেন এবং রাষ্ট্রীয় ব্যয় সংকোচনে সচেষ্ট রয়েছেন।
নিজের এলাকা ও এলাকার উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, চার মাসের দায়িত্ব পালনকালে তিনি একাধিক উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছেন, যেগুলো আগামী ৬ মাস থেকে এক বছরের মধ্যে দৃশ্যমান হবে। এর মধ্যে রয়েছে চাটমোহর রেলস্টেশনকে মডেল স্টেশনে রূপান্তর, দুটি নতুন আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি, যাত্রীদের টিকিট বরাদ্দ বৃদ্ধি, তিন উপজেলায় তিনটি খেলার মাঠ নির্মাণ এবং বড়াল ব্রিজের ওপর জরাজীর্ণ লোহার বেইলি সেতুর স্থানে নতুন ব্রিজ নির্মাণ। পাবনা সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের সহযোগিতায় এসব উন্নয়ন প্রকল্প বরাদ্দ পাওয়া গেছে বলে জানান তিনি।
মাদকের বিষয়ে সরকারের জরি জিরো টলারেন্স নীতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি সাংবাদিকদের তাদের নিজ নিজ এলাকার মাদক কারবারিদের বিরুদ্ধে লিখতে আহ্বান জানান। প্রশাসনকে সঙ্গে নিয়ে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দৃঢ় ব্যক্ত করেন তিনি।
মতবিনিময় সভায় বিএনপি নেতা অধ্যক্ষ মাহমুদুল আলম মাহমুদ, এ এম জাকারিয়া, এ্যাডভোকেট সাইদুর রহমান, মিজানুর রহমান মজনু, ইয়াসিন আলী, গোলজার হোসেন, জাকির হোসেন, যুবদল নেতা গোলজার হোসেন, ছাত্রদল নেতা ফুলচাদ হোসেন শামীমসহ বিএনপি ও অঙ্গ সংগঠণের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত সাংবাদিকরা তাদের বক্তব্যে বলেন, সাংবাদিকরা কারও প্রতিপক্ষ নন, তারা কেবল সমাজে ঘটে যাওয়া বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপন করেন। দায়িত্বশীলরা সেই ভুল সংশোধন করে রাষ্ট্র পরিচালনা করবেন—এটাই প্রত্যাশা। অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশের পর সংক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের ওপর হামলা বা মামলা করার ঘটনাকে অত্যন্ত দুঃখজনক আখ্যা দিয়ে তারা পেশাগত দায়িত্ব পালনে বাধা না দেওয়ার জন্য দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.