ভোলার লালমোহনে বিদ্যালয় পরিদর্শনে গিয়ে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের গণিত পড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক। মঙ্গলবার সকালে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি ষষ্ঠ, সপ্তম ও নবম শ্রেণির পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
এ সময় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের গণিত বিষয়ের জ্যামিতি অংশে পাঠদান করান তিনি। হঠাৎ শ্রেণিকক্ষে ইউএনওকে শিক্ষক হিসেবে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়। তার কাছ থেকে সরাসরি গণিতের পাঠ নিতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।
পরিদর্শনকালে ইউএনও শ্রেণিকক্ষের পরিবেশ, পাঠদান পদ্ধতি এবং শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজখবর নেন। তার এ উদ্যোগকে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়ানোর ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন শিক্ষকরা।
লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবু তৈয়ব বলেন, ইউএনওর বিদ্যালয় পরিদর্শন, বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের খোঁজখবর নেওয়া এবং নিজে পাঠদান করানো সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। তিনি প্রতি সপ্তাহে অন্তত একবার বিদ্যালয় পরিদর্শন করে এভাবে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটালে পাঠদানের মান আরও উন্নত হবে বলে আশা করি। আমরা চাই, তার এ উদ্যোগ অব্যাহত থাকুক। এছাড়া প্রশাসনের এমন সম্পৃক্ততা শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.