ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ‘ইসলামী ব্যাংক নিয়ে সরকার সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে দেশের অর্থনীতি হুমকির মুখে পড়বে।’
শুক্রবার (১৯ জুন) বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামপুর জোনের বাছাইকৃত সদস্য (রুকন) শিক্ষাশিবির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘ইসলামী ব্যাংক কেবলমাত্র একটি গতানুগতিক ধারার ব্যাংক নয়, বরং ইসলামী ব্যাংকের ওপর নির্ভর করে এদেশের অর্থনীতির মেরুদণ্ড। দেশের অর্থনীতিতে ইসলামী ব্যাংক যে-ই অবদান রেখেছে, সেই ধারা অব্যাহত রাখতে হলে ইসলামী ব্যাংকের প্রকৃত মালিকদের সমন্বয়ে পরিচালনা পর্ষদ গঠন করতে হবে। পতিত আওয়ামী লীগ এস আলম গ্রুপের মাধ্যমে ইসলামী ব্যাংক থেকে যে-ই অর্থ পাচার করেছে, সেই অর্থ ফিরিয়ে আনতে হবে।’
তিনি আরও বলেন, ‘ইসলামী ব্যাংকের ভেতরে থাকা এস আলমের দোসরদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে হবে। জনগণের আমানতের সুরক্ষা নিশ্চিত করতে সৎ ও যোগ্য আদর্শিক লোকদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠন করতে হবে।’
দেশের ‘অর্থনীতি ব্যবস্থা’-কে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে বিরোধীদল হিসেবে জামায়াতে ইসলামী সরকারকে প্রয়োজনীয় সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকা কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর শিক্ষাবিদ আব্দুস সবুর ফকির বলেন, ‘ইসলামী আন্দোলনের কর্মীদের নিঃস্বার্থভাবে ভূমিকা রাখতে হয়। সেই নিঃস্বার্থ ভূমিকা রেখে জামায়াতে ইসলামীর কর্মীরা দায়িত্ব পালন করে আসছে। আগামীতেও জাতির যে কোনো প্রয়োজনে জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতাকর্মী নিঃস্বার্থ ভূমিকা অব্যাহত রাখবে।’
ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও শ্যামপুর জোন পরিচালক সৈয়দ জয়নুল আবেদীনের সভাপতিত্বে এবং সহকারী জোন পরিচালক ও কদমতলী মধ্য থানা আমীর মোহাম্মদ মহিউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মহানগরীর ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা মুফতি মহিউদ্দিন, কদমতলী জোনের সহকারী পরিচালক আব্দুর রহিম জীবন ও যাত্রাবাড়ী থানা আমীর মাওলানা সাদিক বিল্লাহ।