বিদেশে থাকা প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ দ্রুততার সঙ্গে সমাধানে বিশেষ উদ্যোগ নিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রবাসীদের দুর্ভোগ কমাতে একটি বিশেষ ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’ গঠন করা হয়েছে। অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এ সেলের মাধ্যমে প্রবাসীরা তাদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ সরাসরি ইমেইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানাতে পারবেন।
ইমেইলে পাওয়া প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে প্রবাসীদের পাঠানো আবেদন ও অভিযোগ দৈনিক ও সাপ্তাহিক ভিত্তিতে সরাসরি মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবের কাছে উপস্থাপন করা হবে। এর মাধ্যমে নীতিনির্ধারণী পর্যায়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
অফিস আদেশে বলা হয়েছে, [email protected] এবং [email protected] ই-মেইল ঠিকানায় পাওয়া অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল।