শনিবার , ২০ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় বেপরোয়া অপরাধীচক্র, ৬ মাসে ৩৭ খুন

ঢাকা ইনফো২৪
জুন ২০, ২০২৬ ১০:২০ পূর্বাহ্ণ
Link Copied!

খুলনা: রফিকুল ইসলাম (৩৫)। পেশায় ব্যবসায়ী। পাশাপাশি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ১২ জুন দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা নগরীর লবণচরা থানার মাথাভাঙা এলাকার কাজীপাড়া বাজারে তিনি বসে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা হেলমেট পরা এক ব্যক্তি তার তলপেটে গুলি করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নগরীতে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক কারবার দমনে বিশেষ যৌথ অভিযান চলছে পুলিশের। এর মধ্যে প্রকাশ্যে এমন হত্যাকাণ্ডের ঘটনা সাধারণ মানুষের মাঝে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে। পুলিশের তথ্যানুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত খুলনা জেলা ও মহানগরীতে ৩৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে মহানগরীতে ১৭টি এবং জেলার অন্যান্য জায়গায় ২০টি। ৫ অগাস্ট গণঅভ্যুত্থানের পর জেলা ও মহানগরী মিলিয়ে ৮৩টি হত্যাকাণ্ডের সঙ্গে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সংশ্লিষ্টতা পেয়েছে পুলিশ।

চলতি বছরের ৩০ মে রাতে নগরীর সোনাডাঙ্গা থানার তমিজ উদ্দিন সড়কের দারুস সালাম মহল্লার একটি ভাড়া বাসা থেকে বৃদ্ধা বেবী বেগম (৫৫), তার নাতি শামিম (১৩) ও মুস্তাকিমের (৪) মরদেহ উদ্ধার করে পুলিশ। একই পরিবারের তিন সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন রফিকুল ইসলামকে আটক করে পুলিশ। গত ২ জুন নগরের লবণচরা থানা এলাকার সাচিবুনিয়া স্কুলভিটা এলাকায় খুনের ঘটনা ঘটে। দুপুর ১২টার দিকে কাজী রাশিদুল ইসলাম নামের এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

৪ মার্চ রূপসা উপজেলা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক মাসুম বিল্লাহকে নগরীর ডাকবাংলা মার্কেটের একটি জুতার দোকানে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়। মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, আধিপত্য বিস্তার, প্রতিশোধ, পারিবারিক কলহ, রাজনৈতিক বিরোধ ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

খুলনা মহানগর ও জেলায় এখন নয়টি সন্ত্রাসী গ্রুপের নাম বেশি আলোচিত। এগুলো হলো- রনি চৌধুরী ওরফে গ্রেনেড বাবুর বি-কোম্পানি, আশিক বাহিনী, নূর আজিম গ্রুপ, টেংকি শাওন গ্রুপ, আরমান শেখের আরমান গ্রুপ, শাকিল শেখের শাকিল গ্রুপ ও নাসিমুল গণির নাসিম গ্রুপ, শেখ পলাশের পলাশ গ্রুপ, হুমায়ুন কবীরের হুমা বাহিনী।

খুলনা মহানগরীর ডাকবাংলো এলাকার বাসিন্দা তৈয়বুর রহমান সারাবাংলাকে বলেন, ‘এক সময়ের শান্তির নগরী খুলনা এখন আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। কোনোভাবেই যেন সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। একের পর এক হত্যাকাণ্ড, ছিনতাই ও নীরব চাঁদাবাজির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার সারাবাংলাকে বলেন, ‘খুলনা জেলা ও মহানগরীর আইনশৃঙ্খলার অবস্থা খুবই খারাপ। প্রতিদিনই খুনের মতো ঘটনা ঘটছে। নদীতে মরদেহ পাওয়া যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, তারা সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছেন, পরিস্থিতি স্বাভাবিক আছে। প্রশাসন সবকিছু জানা-শোনার পরেও কী কারণে এই সন্ত্রাস দমন করতে পারছেন না। আমাদের প্রত্যাশা ছিল, একটা নির্বাচিত সরকার ক্ষমতায় পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। এটা অনেক বড় রাজনৈতিক দল। তারা সরকারে যেয়ে সমস্যার সমাধান করতে পারবেন। কিন্তু সমস্যার সমাধানতো হচ্ছেই না, বরং প্রতিনিয়ত তা বাড়ছে।’

তিনি বলেন, ‘এর পেছনে মাদক ব্যবসাকেই বড় কারণ মনে হচ্ছে। এই ব্যবসা করতে যেয়ে মাদককারবারিরা কিশোর গ্যাংকে ব্যবহার করছে। বর্তমানে কিশোর গ্যাংয়ের উত্থানও মারাত্মক আকার ধারণ করেছে। এই গ্যাংয়ের উত্থানের কারণে আরও বেশি সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটছে। তাদের যে মায়া বা মূল্যবোধ তৈরি না হওয়ার কথা, বেপরোয়া চলাফেরার কারণে সেগুলোও তৈরি হচ্ছে না।’

বাবুল হাওলাদার বলেন, “সার্বিক বিষয়ে সামাজিক মূল্যবোধের অভাব পরিলক্ষিত হয়েছে। ৫ আগস্টের পর আমরা যেটি দেখছি, ‘মব কালচার’ যেটা শুরু হয়েছে, সেটা আসলে মানুষের মনোজাগতিক পরিবর্তন আনছে। সেটিও আসলে সন্ত্রাসী কর্মকাণ্ডের অন্যতম ধরণ বলে আমার কাছে মনে হয়।”

এদিকে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সারাবাংলাকে বলেন, ‘খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির এত অবনতি ঘটেছে, যা ভাবা যায় না। মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।’

অপরদিকে খুলনা মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান সারাবাংলাকে বলেন, ‘নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও ছিনতাইসহ সবধরনের অপরাধ দমন এবং শান্তিপূর্ণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে মহানগরীর বিভিন্ন থানায় গোয়েন্দা বিভাগ কর্তৃক বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। শহরে খুনের ঘটনাগুলোর সঙ্গে বেশিরভাগ ক্ষেত্রেই বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সম্পৃক্ততা দেখা গেছে।’ এসব ঘটনায় খবর পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পুলিশ কমিশনার।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন