চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণে কোস্টগার্ডের সাত দিনের অভিযানে ৪ লাখ ৬৯ হাজার ৮০০ মিটার কারেন্ট জাল, ৯০ কেজি ইলিশ ও ১৭টি মাছ ধরার বোট উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে আটক করা হয়েছে ৫২ জেলেকে। উদ্ধার করা কারেন্ট জালের আনুমানিক মূল্য ১ কোটি ৬৪ লাখ ৪৩ হাজার টাকা।
বুধবার (১৪ অক্টোবর) কোস্টগার্ড স্টেশন চাঁদপুরের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, ৮ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত চাঁদপুরের বিভিন্ন এলাকায় মা ইলিশ সংরক্ষণে অভিযান চালানো হয়। এ সময় আটক ৫২ জেলের মধ্যে ৪৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি আটজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাদের পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়। এ ছাড়া জেলেদের কাছ থেকে ২০ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে উদ্ধার করা ৯০ কেজি ইলিশের আনুমানিক মূল্য ১ লাখ ৯৫ হাজার টাকা। জব্দ করা ১৭টি মাছ ধরার বোটের আনুমানিক মূল্য ৮ লাখ ৬৫ হাজার টাকা।
এদিকে বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চাঁদপুরের অভয়াশ্রম এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। অভিযান শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন কোস্টগার্ড স্টেশন চাঁদপুরের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মুহতাছিন ইসলাম।
তিনি বলেন, দেশের সমুদ্র, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মৎস্যসম্পদ রক্ষায় কোস্টগার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জাটকা নিধন প্রতিরোধ, মা ইলিশ সংরক্ষণ এবং সমুদ্রে মাছ ধরার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে সংস্থাটি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে।
মুহতাছিন ইসলাম বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে কোস্টগার্ডের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল, বিশেষ অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা কার্যকর করতে কোস্টগার্ডের অভিযান চলবে। নিষেধাজ্ঞা লঙ্ঘনসহ যেকোনো অনিয়মের তথ্য জানাতে সর্বসাধারণকে কোস্টগার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করার আহ্বান জানান তিনি।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.