পাবনার ফরিদপুর উপজেলার প্রত্যন্ত জনপদ ধানুয়াঘাটা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, গাঁজা ও দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গভীর রাতে উপজেলার হাদল ইউনিয়নের ধানুয়াঘাটা এলাকায় ওই অভিযান চালানো হয়। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ এ তথ্য নিশ্চিত করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ধানুয়াঘাটা গ্রামের আব্দুর রহমানের ছেলে নয়ন প্রামাণিক (৪০), বেড়হাওলিয়া দক্ষিণপাড়ার মজিদ প্রামাণিকের ছেলে মামুন হোসেন (৩০), হাদল মাদ্রাসাপাড়ার আব্দুর রহমানের ছেলে জাকির আলী (২১), ধানুয়াঘাটা বাজারপাড়ার বিল্লাল আলীর ছেলে কাউছার আলী (১৯) এবং চাটমোহর উপজেলার আলমনগর এলাকার তাজ উদ্দিনের ছেলে সাকিভ উদ্দিন (১৯)।
পুলিশ জানায়, ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) . মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় ধানুয়াঘাটা গ্রামের নয়ন প্রামাণিকের বসতঘরে তল্লাশি করে ১৫৫ পিস ইয়াবা, ৫৫০ গ্রাম গাঁজা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে দুটি লোহার চাপাতি ও একটি হাতলবিহীন লোহার ঠাংকি।
পুলিশ জানায়, অভিযানে ১৫৫ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার বাজারমূল্য ৪৬ হাজার ৫০০ টাকা। এ ছাড়া ৫৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২২ হাজার টাকা।
ফরিদপুর থানার ওসি মনজুরুল হাসান মাসুদ বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.