কিংবদন্তি লিওনেল মেসির প্রতি বিশেষ সম্মান জানাতে তার বিখ্যাত ১০ নম্বর জার্সি চিরতরে অবসরে পাঠানোর পরিকল্পনা করেছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। তবে সেই পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়িয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার নিয়ম। খবর গোল ডটকমের।
আর্জেন্টাইন ফুটবল তারকা ৩৯ বছর বয়সী মেসি গত ৩১ আগস্ট আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন। দুই দশকের বেশি সময়ের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানতে আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেনতালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার সমর্থকদের সামনে শেষবারের মতো বিদায় নেবেন ইন্টার মায়ামির এই তারকা।
মেসির বিদায়ের পর তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে ১০ নম্বর জার্সি স্থায়ীভাবে অবসরে পাঠাতে চায় আর্জেন্টিনা। জাতীয় দলের হয়ে ২০৭ ম্যাচ খেলে ১২৫ গোল করেছেন মেসি। তার নেতৃত্বেই ২০২৬ বিশ্বকাপের ফাইনালে ওঠে আর্জেন্টিনা। তবে ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া হয় তাদের।
কিন্তু ফিফার নিয়মের কারণে আর্জেন্টিনার এই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। আন্তর্জাতিক টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে অংশ নেওয়া দলগুলোকে ১ থেকে ২৬ পর্যন্ত জার্সি নম্বর বরাদ্দ করতে হয়। ফলে এই সীমার মধ্যে থাকা কোনো নম্বর স্থায়ীভাবে অবসরে পাঠানোর সুযোগ নেই।
এর আগে একই সমস্যায় পড়েছিল লাইবেরিয়া। দেশটির কিংবদন্তি ফুটবলার জর্জ উইয়ার সম্মানে ১৪ নম্বর জার্সি অবসরে পাঠানো হয়েছিল। কিন্তু ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে ফিফার নিয়মের কারণে নিকোলাস অ্যান্ড্রুজকে সেই ১৪ নম্বর জার্সি পরেই মাঠে নামতে হয়।
এদিকে মেসির ১০ নম্বর জার্সির পরবর্তী মালিক কে হবেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেন, ‘আসন্ন ম্যাচগুলোতে আমাদের এই জার্সি কাউকে দিতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। তাই লিওর বিদায়ী ম্যাচের আগে কাউকে ১০ নম্বর জার্সি দেওয়া হবে না। কে এই জার্সি পরবে, তা এখনো ঠিক করিনি।’
তবে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ইএসপিএন আর্জেন্টিনার প্রতিবেদক ফেদেরিকো বুয়েনোর দাবি, মেসির উত্তরসূরি হিসেবে একজনকে ইতিমধ্যে পছন্দ করেছে আর্জেন্টিনা। তার মতে, স্কালোনি যদি জাতীয় দলের কোচ হিসেবে চুক্তির মেয়াদ বাড়ান, তাহলে নিকো পাজ হতে পারেন নতুন ১০ নম্বর জার্সিধারী।
বুয়েনো বলেন, ‘স্কালোনি যদি আর্জেন্টিনার কোচ হিসেবে চুক্তি নবায়ন করেন, তাহলে নিকো পাজ হবেন নতুন ১০ নম্বর। অভ্যন্তরীণভাবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
২২ বছর বয়সী পাজকে বিশ্বের অন্যতম সম্ভাবনাময় আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে বিবেচনা করা হয়। গত গ্রীষ্মে রিয়াল মাদ্রিদ থেকে ৬ কোটি ইউরোর বিনিময়ে ইতালির ক্লাব কোমোয় স্থায়ীভাবে যোগ দেন তিনি। তবে তার চুক্তিতে ৮ কোটি ইউরোর বিনিময়ে তাকে ফিরিয়ে নেওয়ার সুযোগ রয়েছে রিয়াল মাদ্রিদের।
আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত ১১টি ম্যাচ খেলেছেন পাজ।