রবিবার , ২ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় এআই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

ঢাকা ইনফো২৪
আগস্ট ২, ২০২৬ ১:৫০ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ায় এআই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

ছবি : প্রতিনিধি

X

ছবি : প্রতিনিধি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে তরুণদের দক্ষ মানবসম্পদে রূপান্তর এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে দেশে প্রথমবারের মতো শুরু হয়েছে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুব উন্নয়ন অধিদপ্তর পরিচালিত ‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের বগুড়া আঞ্চলিক উদ্বোধনী অনুষ্ঠান রোববার বগুড়া শহরের মমইন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। উদ্বোধন ঘোষণা করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

উদ্বোধনী বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, “বর্তমান বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করেছে। বিশ্বের বিভিন্ন দেশ এআই প্রযুক্তি ব্যবহার করে দ্রুত এগিয়ে যাচ্ছে। আমাদের তরুণদেরও এ প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে হবে। আগামী দেড় বছরে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির যে লক্ষ্য সরকার নির্ধারণ করেছে, তার বাস্তবায়নে দেশের ৬৪ জেলায় ১১ হাজার ২০০ তরুণ-তরুণীকে এআই ও আইসিটি বিষয়ে প্রশিক্ষণ প্রদানের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি বলেন, বগুড়াকে দেশের অন্যতম প্রযুক্তি হাব হিসেবে গড়ে তোলার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। জেলার ১২টি উপজেলায় ই-লার্নিং ও আর্নিং কার্যক্রমের মাধ্যমে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা গেলে বগুড়া দেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল হাবে পরিণত হতে পারে। এতে তরুণরা ফ্রিল্যান্সিং ও এআই প্রযুক্তির মাধ্যমে ঘরে বসেই বৈশ্বিক বাজারে কাজ করে বৈদেশিক মুদ্রা অর্জনে অবদান রাখতে সক্ষম হবে।

বক্তব্যে তিনি সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ, আন্তর্জাতিক বিমানবন্দর, আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ এবং বহুমাত্রিক বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ চলমান উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, “বর্তমান সরকারের মূল উদ্দেশ্যই হলো তরুণদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে শতভাগ কর্মসংস্থান নিশ্চিত করা। অতীতে শুধু প্রকল্প পাস করে পকেট ভারী করা হলেও আমরা কাজের কড়ায়-গণ্ডায় হিসাব নেব এবং কাদের কর্মসংস্থান হলো তার ডেটাবেজ সংরক্ষণ করা হবে।” তিনি আরও জানান, “বগুড়াসহ ১০টি অঞ্চলে চলতি অর্থবছরেই আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ গড়ে তোলা হবে, যাতে আমাদের তরুণরা ক্রীড়া ও প্রযুক্তিতে নিজেদের বিশ্বমঞ্চে তুলে ধরতে পারে। তৃণমূলের প্রতিভাগুলোকে বিকেএসপির মাধ্যমে গড়ে তুলে অলিম্পিকের মতো সর্বোচ্চ আসরে দেশের জন্য পদক আনাই আমাদের চূড়ান্ত লক্ষ্য।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন, বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহাবুবুল আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এতে উপস্থিত ছিলেন বগুড়ার জেলা প্রশাসক ইঞ্জিনিয়ার তৌফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান, স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা, প্রশিক্ষণার্থী তরুণ-তরুণী এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে বগুড়াসহ দেশের আটটি বিভাগে একযোগে প্রথম ব্যাচের এআই প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সংশ্লিষ্টদের আশা, এই উদ্যোগ দেশের তরুণদের আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে তোলার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও ডিজিটাল অর্থনীতি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});