বিদেশে মিশন কর্মকর্তাদের সন্তানদের শিক্ষা ভাতা বাড়াল সরকার

বিদেশে মিশন কর্মকর্তাদের সন্তানদের শিক্ষা ভাতা বাড়াল সরকার

বিদেশে বাংলাদেশ মিশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের শিক্ষা ভাতার সীমা বাড়িয়েছে সরকার। নতুন নির্ধারিত হার অনুযায়ী, মিশনের অবস্থানভেদে এ-লেভেল থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত পড়াশোনার জন্য বছরে সর্বোচ্চ ৩৮ হাজার মার্কিন ডলার পর্যন্ত ভাতা পাবেন তারা।

এ সুবিধা সর্বোচ্চ দুই সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

গত ১৯ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোকে চারটি গ্রুপে ভাগ করে শিক্ষা ভাতার পরিমাণ নির্ধারণ করা হয়েছে। নতুন এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রথম গ্রুপের ১৫টি মিশনে এ-লেভেল পর্যায়ে এক সন্তানের জন্য বছরে ২৫ হাজার এবং দুই সন্তানের জন্য ৩৫ হাজার ডলার দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে এক সন্তানের জন্য ২৫ হাজার এবং দুই সন্তানের জন্য সর্বোচ্চ ৩৮ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে। এ গ্রুপে বেইজিং, সিউল, টোকিও, জাকার্তা, দোহা, ব্রাসেলস, জেনেভা, হেগ, স্টকহোম, ওয়ারশ, ভিয়েনা, মিলান, প্যারিস ও মস্কোর মিশনসহ মোট ১৫টি মিশন রয়েছে।

দ্বিতীয় গ্রুপের ৪১টি মিশনে এ-লেভেল ও বিশ্ববিদ্যালয়—উভয় পর্যায়ে এক সন্তানের জন্য বছরে ২১ হাজার এবং দুই সন্তানের জন্য ৩২ হাজার ডলার শিক্ষা ভাতা নির্ধারণ করা হয়েছে। এ তালিকায় ক্যানবেরা, সিডনি, ওয়েলিংটন, ব্যাংকক, কুয়ালালামপুর, কাঠমান্ডু, নয়াদিল্লি, দুবাই, রিয়াদ, লন্ডন, রোম, ওয়াশিংটন, নিউইয়র্ক, অটোয়া ও ব্রাসিলিয়াসহ বিভিন্ন শহরের মিশন রয়েছে।

তৃতীয় গ্রুপের ১৯টি মিশনে এ-লেভেল ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে এক সন্তানের জন্য ২১ হাজার এবং দুই সন্তানের জন্য ২৮ হাজার ডলার দেওয়া হবে। এ গ্রুপে সিঙ্গাপুর, হ্যানয়, ম্যানিলা, চেন্নাই, মালে, কায়রো, নাইরোবি, প্রিটোরিয়া, বার্লিন ও কোপেনহেগেনের মিশনসহ মোট ১৯টি মিশন রয়েছে।

চতুর্থ গ্রুপের নয়টি মিশনে এ-লেভেল পর্যন্ত এক সন্তানের জন্য ২০ হাজার ৫০০ এবং দুই সন্তানের জন্য ২৫ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে এ হার যথাক্রমে ২১ হাজার ও ২৫ হাজার ডলার। এ গ্রুপে কুনমিং, কলম্বো, কলকাতা, গৌহাটি, আগরতলা, তাসখন্দ, মাস্কাট, রাবাত ও পোর্ট লুইসের মিশন রয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, শিক্ষা ব্যয়ের ১৫ শতাংশ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীকে নিজ দায়িত্বে বহন করতে হবে। শিক্ষা ভাতার অর্থ সরাসরি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে ব্যাংকিং চ্যানেল, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার অথবা অন্য কোনো ডিজিটাল মাধ্যমে পাঠাতে হবে। কোনো অবস্থাতেই এ অর্থ ব্যক্তিগত ব্যাংক হিসাবে দেওয়া যাবে না।

শিক্ষাপ্রতিষ্ঠান এককালীন পুরো ফি দাবি করলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীকে যথাযথ প্রমাণপত্র জমা দিতে হবে। পাশাপাশি নিজের বহনযোগ্য অংশ মিশনের হিসাবে অথবা সংশ্লিষ্ট হিসাব কোডে জমা দিতে হবে।

এ ছাড়া যেসব দেশে ইংরেজি মাধ্যমে পড়াশোনার সুযোগ সীমিত, সেসব দেশে কর্মরত কর্মকর্তাদের সন্তান অন্য কোনো ইংরেজিভাষী দেশে পড়াশোনা করলেও নিজ কর্মস্থলের মিশনের জন্য নির্ধারিত শিক্ষা ভাতার সীমাই প্রযোজ্য হবে। প্রজ্ঞাপনে আগের অন্যান্য শর্ত অপরিবর্তিত রাখা হয়েছে।

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

সূত্র: Daily Bangladesh · শিক্ষা