৮০০০ এমএএইচ ব্যাটারির ‘মজবুত’ ফোনটি কতোটা ভালো?

৮০০০ এমএএইচ ব্যাটারির ‘মজবুত’ ফোনটি কতোটা ভালো?

স্মার্টফোন ব্যবহারে অনেকের কাছেই সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম ব্যাটারি। দিনের মাঝপথে চার্জ শেষ হয়ে যাওয়া কিংবা অসাবধানতাবশত স্মার্টফোনটি পানিতে পড়ে নষ্ট হওয়ার ভয়—এমন সমস্যার কথা মাথায় রেখেই নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২ বাজারে এনেছে ভিভো। বিশাল ৮০০০ এমএএইচ ব্যাটারি, ৪৪ ওয়াট দ্রুত চার্জিং এবং আইপি৬৮ ও আইপি৬৯ সুরক্ষার মতো সুবিধা রয়েছে ফোনটিতে। ৩০ হাজার টাকার কিছুটা বেশি দামের এই ফোনটি সামগ্রিকভাবে কতটা ভালো এবং কোন ধরনের ব্যবহারকারীর জন্য উপযোগী, চলুন জেনে নেওয়া যাক।

ডিজাইন ও স্থায়িত্ব
ভিভো ওয়াই৩২-এর অন্যতম আকর্ষণ এর মজবুত গড়ন। ফোনটি টোয়াইলাইট রেড ও সানসেট অরেঞ্জ—এই দুই রঙে পাওয়া যাচ্ছে। পেছনের অংশে রয়েছে ধাতব আবহের ক্যামেরা মডিউল, যা ফোনটির নকশায় আলাদা মাত্রা যোগ করেছে। ফোনটিতে আইপি৬৮ ও আইপি৬৯ মানের ধুলা ও পানি প্রতিরোধী সুরক্ষা রয়েছে। পাশাপাশি এসজিএস ফাইভ-স্টার ড্রপ রেজিস্ট্যান্স এবং মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এটি। ফলে দৈনন্দিন ব্যবহারে দুর্ঘটনাজনিত আঘাত ও পানির ঝুঁকি মোকাবিলায় বাড়তি সুরক্ষা পাওয়া যাবে। তবে বড় ব্যাটারির কারণে ফোনটির ওজন প্রায় ২২৯ থেকে ২৩০ গ্রাম। ফলে এক হাতে দীর্ঘ সময় ব্যবহার করলে কিছুটা ভারী মনে হতে পারে।

৮০০০ এমএএইচ ব্যাটারির ‘মজবুত’ ফোনটি কতোটা ভালো?

ডিসপ্লে ও মাল্টিমিডিয়া
ভিভো ওয়াই৩২-এ রয়েছে ৬.৮৭ ইঞ্চির এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে। এর রেজল্যুশন ১৫৯২×৭২০ পিক্সেল এবং রিফ্রেশ রেট সর্বোচ্চ ১২০ হার্টজ। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ক্রলিং, ওয়েবসাইট ব্রাউজিং এবং সাধারণ ভিডিও দেখার ক্ষেত্রে মসৃণ অভিজ্ঞতা পাওয়ার কথা। ডিসপ্লের সর্বোচ্চ উজ্জ্বলতা ১ হাজার ৩০০ নিটস হওয়ায় দিনের আলোতেও স্ক্রিনের কনটেন্ট দেখতে সুবিধা হবে। রয়েছে টিইউভি রাইনল্যান্ডের লো ব্লু লাইট সনদ এবং চোখের সুরক্ষা মোড। এছাড়া ফোনটিতে ডুয়াল স্টেরিও স্পিকার রয়েছে, যার শব্দের মাত্রা সর্বোচ্চ ৪০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুবিধা দিয়েছে প্রতিষ্ঠানটি। ভিডিও দেখা ও গান শোনার ক্ষেত্রে এটি বাড়তি সুবিধা দেবে। তবে এই দামের ফোনে ফুল এইচডি ডিসপ্লে দিলে আরো ভালো হতো।

পারফরম্যান্স ও সফটওয়্যার
ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৬ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি আট কোরের ইউনিসক টি৭৩০০ প্রসেসর। এর সঙ্গে রয়েছে এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ইউএফএস ২.২ স্টোরেজ। ৪ জিবি ও ৬ জিবি র‍্যামের পাশাপাশি দুই সংস্করণেই ১২৮ জিবি অভ্যন্তরীণ স্টোরেজ পাওয়া যাবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ২ টেরাবাইট পর্যন্ত বাড়ানোর সুবিধাও রয়েছে। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ১৬-ভিত্তিক অরিজিনওএস ৬। সাধারণ অ্যাপ ব্যবহার, ইন্টারনেট ব্রাউজিং, ভিডিও দেখা এবং দৈনন্দিন কাজের জন্য প্রসেসরটি যথেষ্ট হওয়ার কথা। তবে ভারী গেম খেলা কিংবা একসঙ্গে অনেক অ্যাপ চালানোর ক্ষেত্রে এটি খুব শক্তিশালী পারফরম্যান্স দিতে পারবে না। বিশেষ করে এই দামে আরও শক্তিশালী প্রসেসর প্রত্যাশা করা স্বাভাবিক।

৮০০০ এমএএইচ ব্যাটারির ‘মজবুত’ ফোনটি কতোটা ভালো?

ক্যামেরা
ফটোগ্রাফির জন্য পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের বোকেহ ক্যামেরা। সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। দিনের পর্যাপ্ত আলোতে সাধারণ ছবি তোলা, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ এবং দৈনন্দিন মুহূর্ত ধরে রাখার জন্য প্রধান ক্যামেরাটি বেশ কার্যকর। বোকেহ ক্যামেরার মাধ্যমে প্রতিকৃতিতে ব্যাকগ্রাউন্ড ঝাপসা করার সুবিধা পাওয়া যাবে।

ব্যাটারি ও চার্জিং
ভিভো ওয়াই৩২-এর সবচেয়ে বড় শক্তি এর ৮০০০ এমএএইচ ব্যাটারি। সাধারণ স্মার্টফোনের তুলনায় অনেক বেশি ধারণক্ষমতার এই ব্যাটারি দীর্ঘ সময় ব্যবহারের সুযোগ দেবে। প্রায় এক সপ্তাহের বেশি ব্যবহার করে এর ব্যাটারি সক্ষমতার প্রমাণ পাওয়া গেছে। প্রতিষ্ঠানের দাবি, ব্যাটারিটি ছয় বছর পর্যন্ত স্বাস্থ্যকর কার্যক্ষমতা ধরে রাখার জন্য তৈরি করা হয়েছে। ব্যাটারির সঙ্গে রয়েছে ৪৪ ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তি এবং রিভার্স চার্জিং সুবিধা। ফলে দ্রুত চার্জ দেওয়ার পাশাপাশি প্রয়োজনে অন্য ডিভাইসেও চার্জ সরবরাহ করা যাবে। তবে বড় ব্যাটারির কারণে ফোনটির ওজন ও পুরুত্ব কিছুটা বেড়েছে। যারা দীর্ঘ ব্যাটারি ব্যাকআপকে অগ্রাধিকার দেন, তাদের কাছে এই বিষয়টি বড় সমস্যা নাও হতে পারে।

দাম ও কেনার যৌক্তিকতা
বাংলাদেশে ভিভো ওয়াই৩২-এর ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৩০ হাজার ৯৯৯ টাকা এবং ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৩৪ হাজার ৯৯৯ টাকা। এর সঙ্গে প্রযোজ্য ভ্যাট যুক্ত হবে।

সব মিলিয়ে ভিভো ওয়াই৩২ এমন একটি স্মার্টফোন, যার মূল আকর্ষণ ব্যাটারি, স্থায়িত্ব ও দৈনন্দিন ব্যবহারের সুবিধা। দীর্ঘ সময় চার্জ ছাড়া ফোন ব্যবহার করতে চান, বাইরে বেশি সময় কাটান কিংবা ফোনের নিরাপত্তাকে গুরুত্ব দেন এমন ব্যবহারকারীদের জন্য এটি বিবেচনায় রাখা যেতে পারে। ব্যাটারি ও স্থায়িত্বকে গুরুত্ব দেওয়া ব্যবহারকারীদের জন্য তৈরি ভিভো ওয়াই৩২একটি বিশেষায়িত স্মার্টফোন।

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

সূত্র: Daily Bangladesh · তথ্য-প্রযুক্তি