নির্বাচন ও ভোটার তালিকা প্রণয়নের দায়িত্ব পালনকালে আহত, অক্ষম, অসুস্থ কিংবা নিহত হওয়া কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য আর্থিক সহায়তার পরিমাণ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন নীতিমালা অনুযায়ী, দায়িত্ব পালনকালে নিহত ব্যক্তির পরিবার সর্বোচ্চ ১০ লাখ টাকা অনুদান পাবে, পাশাপাশি আহত ও অসুস্থদের জন্যও বিভিন্ন হারে সহায়তা দেওয়া হবে।
বুধবার (১০ জুন) ইসি কর্মকর্তারা এ বিষয়টি নিশ্চিত করেন।
ইসির উপসচিব রাশেদুল ইসলাম স্বাক্ষরিত নীতিমালায় বলা হয়েছে, ভোট ও ভোটার তালিকা প্রণয়নের দায়িত্ব পালনকালে কোনো কর্মকর্তা-কর্মচারী দুর্ঘটনা বা হামলায় নিহত হলে তার পরিবার ১০ লাখ টাকা অনুদান পাবে। গুরুতর আহত বা স্থায়ী অক্ষম হলে ৪ লাখ টাকা, অস্থায়ী অক্ষমতায় ২ লাখ টাকা এবং আহত হলে সর্বোচ্চ ৫০ হাজার টাকা দেওয়া হবে।
এছাড়া দায়িত্ব পালনকালে আকস্মিক অসুস্থতায় মৃত্যুবরণ করলে ৬ লাখ টাকা, গুরুতর অসুস্থ বা স্থায়ী অক্ষম হলে ৩ লাখ টাকা, সাময়িক অসুস্থতায় ৫০ হাজার টাকা, ব্যয়বহুল চিকিৎসার ক্ষেত্রে ৩ লাখ টাকা এবং হাসপাতালে সাধারণ চিকিৎসা নিলে সর্বোচ্চ ২ লাখ টাকা অনুদান দেওয়া হবে।
অনুদান পেতে আহত ব্যক্তি বা ক্ষতিগ্রস্ত পরিবারকে নির্ধারিত পদ্ধতিতে আবেদন করতে হবে। নির্দিষ্ট কমিটির সুপারিশের ভিত্তিতে কমিশন অনুদানের পরিমাণ নির্ধারণ করবে।
সালাউদ্দিন/সাএ