ভোলার মনপুরা উপজেলায় ১০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরযতিন এলাকার মো. ইলিয়াছের ছেলে মো. রাকিব (২২) এবং একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরফৈজুদ্দিন এলাকার মো. আলাউদ্দিন ফিটারের ছেলে মো. সাগর (২৪)।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরফৈজুদ্দিন এলাকার দীপক চৌধুরীর বাড়ি সংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশের একটি টিম। এ সময় রাকিব ও সাগর নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের তল্লাশী চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। এরপর শনিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।