
লিওনেল মেসি-ইন্টারনেট
আলজেরিয়া ম্যাচে দারুণ এক হ্যাটট্রিকে রেকর্ডের পাতা ওলট-পালট করে দেওয়া লিওনেল মেসিকে হাতছানি দিচ্ছে আরও তিনটি রেকর্ড। কিছু হিসাব মেলাতে পারলে, আসছে অস্ট্রিয়া ম্যাচেই কীর্তিগুলো গড়তে পারবেন এই মহাতারকা।
উত্তর আমেরিকা বিশ্বকাপে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ডালাসে অস্ট্রিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময়, সোমবার রাত ১১টায় শুরু হবে ম্যাচটি। রেকর্ড তিনটি মেসি নিজের করে নিতে পারেন কিনা, তা দেখতে উন্মুখ থাকবে ফুটবলপ্রেমীরাও।
রেকর্ডের প্রথমটি, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় এককভাবে শীর্ষে ওঠা। আলজেরিয়া ম্যাচে হ্যাটট্রিক করে, তিন গোলের ঘাটতি পুষিয়ে, মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের কীর্তি স্পর্শ করেন মেসি। আর একটি গোল চাই তার।
দ্বিতীয় রেকর্ডটিও এতদিন ছিল ক্লোসার। বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচে (১৬টি) জয়ের স্বাদ পাওয়া ফুটবলার জার্মানির এই সাবেক তারকা। আলজেরিয়া ম্যাচের জয়ে জার্মান গ্রেটের পাশে বসেছেন মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনা জিতলে, রেকর্ডটিও একার হয়ে যাবে ৩৯ ছুঁইছুঁই এই ফরোয়ার্ডের।
তৃতীয় রেকর্ডটি একটু ভিন্ন ধরনের। বিশ্বকাপের ইতিহাসে বক্সের বাইরে থেকে সর্বোচ্চ পাঁচ গোল করার কীর্তি এখন দুজনের। ব্রাজিলের রিভেলিনোর ও মেসির। ‘দি অ্যাটোমিক কিক’ নামে খ্যাত রিভেলিনো ১৯৭০ সালের মেক্সিকো বিশ্বকাপে চেকোস্লোভাকিয়া ও উরুগুয়ের বিপক্ষে দূরপাল্লার শটে গোল করেছিলেন। চার বছর পর, ১৯৭৪ সালের জার্মানি বিশ্বকাপে জায়ার, পূর্ব জার্মানি ও আর্জেন্টিনার বিপক্ষেও দূর থেকে গোল করেন তিনি।
আর এই রেকর্ডের পথে মেসি যাত্রা শুরু করেছিলেন ২০১৪ সালে, ব্রাজিল বিশ্বকাপে। সেবার বসনিয়া ও হার্জেগোভিনা, ইরান ও নাইজেরিয়া- এই তিন দলের বিপক্ষে গোল করেছিলেন বক্সের বাইরে থেকে। ২০২২ বিশ্বকাপে মেক্সিকোর জালে করেন একটি। এবার আলজেরিয়ার বিপক্ষে একটি করে রিভেলিনোর রেকর্ড স্পর্শ করেন তিনি। অস্ট্রিয়া ম্যাচে এটিও নিজের করে নিতেন পারেন এই মহাতারকা।