কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীম হত্যাকাণ্ডসহ সাম্প্রতিক শিশু হত্যার ঘটনায় স্তব্ধ হয়েছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
নিজের ফেসবুক পোস্টে অপূর্ব লেখেন, নিরাপদ পরিবেশে বেড়ে ওঠার সুযোগ পাওয়া প্রতিটি শিশুর স্বাভাবিক অধিকার। শিশুদের ওপর একের পর এক নৃশংসতার ঘটনা সমাজ ও মানুষের বিবেকের জন্য গভীর উদ্বেগের বিষয় বলেও উল্লেখ করেন তিনি।
অপ্রতিম হত্যাকাণ্ডের নাম সরাসরি উল্লেখ না করলেও সাম্প্রতিক শিশু হত্যার ঘটনাগুলো একজন বাবা ও দেশের সাধারণ নাগরিক হিসেবে তাকে গভীরভাবে নাড়া দিয়েছে বলে জানান এই অভিনেতা।
শিশুদের নিরাপত্তা নিশ্চিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে অপূর্ব বলেন, শিশুদের নিরাপদ রাখতে ব্যর্থ হলে সেই সমাজের অস্তিত্বই অর্থহীন হয়ে পড়ে। পাশাপাশি সন্তানদের বিষয়ে অভিভাবকদের আরও সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দেন তিনি।
অপূর্বের মতে, সামান্য বাড়তি সতর্কতা ও নিয়মিত নজরদারি অনেক বড় বিপদ থেকে সন্তানকে রক্ষা করতে পারে। ঘর কিংবা বাইরে—কোথাও যেন শিশুদের নিরাপত্তায় কোনো ধরনের ঘাটতি না থাকে, সেদিকেও নজর দেওয়ার আহ্বান জানান তিনি।
এ অভিনেতা বলেন, শিশু হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। শিশুদের জন্য একটি নিরাপদ দেশ গড়ে তোলাকেই সবার সবচেয়ে বড় দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।