প্যারিসে এনআরবি ওয়ার্ল্ডের সংবাদ সম্মেলন, ডিসেম্বরে ঢাকায় সামিট
প্রবাসীদের শুধু রেমিট্যান্স পাঠানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে তাঁদের মেধা, দক্ষতা, অভিজ্ঞতা ও বিনিয়োগকে বাংলাদেশের উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানিয়েছে এনআরবি ওয়ার্ল্ড। একই সঙ্গে প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠা, দক্ষ জনশক্তি তৈরি, বিদেশে কর্মসংস্থানে দালালের প্রতারণা প্রতিরোধ এবং দেশে ফেরার পর সম্মানজনক জীবন নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন সংগঠনটির নেতারা।

রোববার ফ্রান্সের রাজধানী প্যারিসের ক্যাফে দ্য লুনায় এনআরবি ওয়ার্ল্ড সামিট-২০২৬ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তাঁরা। আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর ঢাকার শেরাটন হোটেলে অনুষ্ঠিত হবে এ সামিট। এবারের প্রতিপাদ্য ‘থিংক বাংলাদেশ’। আয়োজকদের প্রত্যাশা, বিশ্বের বিভিন্ন দেশ থেকে এক হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি এতে অংশ নেবেন।
সংবাদ সম্মেলনে আয়বার মহাসচিব ও এনআরবি ওয়ার্ল্ডের অ্যাডভাইজার কাজী এনায়েত উল্লাহ বলেন, প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায্য দাবিদাওয়া আদায়ে তাঁদের নিজেদেরও সোচ্চার হতে হবে। আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী তৈরি, স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়া নিশ্চিত এবং দালালচক্রের প্রতারণা বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। প্রবাসীদের দক্ষতা উন্নয়নে বিনিয়োগকে দেশের ভবিষ্যতের জন্য বিনিয়োগ হিসেবে বিবেচনা করার আহ্বানও জানান তিনি।
সামিটের আহ্বায়ক মমিনুল হক বলেন, প্রবাসীদের শুধু ‘রেমিট্যান্স যোদ্ধা’ হিসেবে দেখলে চলবে না। বিশ্বের বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত বাংলাদেশি চিকিৎসক, প্রকৌশলী, প্রযুক্তিবিদ, গবেষক ও পেশাজীবীদের জ্ঞান ও অভিজ্ঞতাকে দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে। ‘ব্রেইন ড্রেইন’কে ‘ব্রেইন গেইন’-এ রূপান্তরের মাধ্যমে প্রযুক্তি, উদ্ভাবন, কর্মসংস্থান ও উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব।
এনআরবি ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা এনামুল হক এনাম বলেন, সরকার পরিবর্তন হলেও প্রবাসীদের অধিকার ও কল্যাণে নেওয়া কার্যকর উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। প্রবাসীদের বিনিয়োগ সহজ করা, আমলাতান্ত্রিক জটিলতা কমানো এবং সরকারি সেবা পাওয়ার প্রক্রিয়া স্বচ্ছ করা প্রয়োজন। একই সঙ্গে দীর্ঘ কর্মজীবন শেষে দেশে ফেরা প্রবাসীদের আর্থিক নিরাপত্তা, পুনর্বাসন ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে হবে।
সংবাদ সম্মেলনে দক্ষ জনশক্তি তৈরি, বিদেশে কর্মীদের নিরাপত্তা ও ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করা এবং প্রবাসীদের সঙ্গে দেশের উদ্যোক্তা, বিনিয়োগকারী ও নীতিনির্ধারকদের যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। আয়োজকদের মতে, প্রবাসীদের মেধা, অভিজ্ঞতা ও বিনিয়োগের যথাযথ ব্যবহার নিশ্চিত করা গেলে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।
ঢাকায় অনুষ্ঠেয় এনআরবি ওয়ার্ল্ড সামিট-২০২৬-এ ব্যবসা, বিনিয়োগ, প্রযুক্তি, উদ্যোক্তা উন্নয়ন ও প্রবাসী সম্পৃক্ততা নিয়ে আলোচনা হবে। সম্মেলনের মাধ্যমে প্রবাসীদের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রত্যাশা করছেন আয়োজকেরা। তাঁদের মূল বার্তা, প্রবাসীদের শুধু রেমিট্যান্সের উৎস হিসেবে নয়, দেশের উন্নয়নের অংশীদার হিসেবে মূল্যায়ন করতে হবে এবং তাঁদের অধিকার, মর্যাদা ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে।