
নেদারল্যান্ডসের কোচ রোনাল্ড কোম্যান-ইন্টারনেট
পয়েন্ট হারিয়ে বিশ্বকাপ শুরু করা নেদারল্যান্ডস এবার প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসিয়ে দিয়েছে। তাতে রোনাল্ড কোম্যানের বুকের ওপর থেকে যেন নেমে গেছে ভারি পাথর। ‘খুব দরকারি’ জয়টা পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ডাচ কোচ।
হিউস্টনে শনিবার সুইডেনকে ৫-১ গোলে উড়িয়ে দেয় নেদারল্যান্ডস। জোড়া গোল করেন ব্রায়ান ব্রবি ও কোডি গাকপো। তাদের আরেক গোলদাতা বদলি নামা সামারভিল। দলের প্রথম গোলেও অবদান ছিল গাকপোর। ম্যাচের পঞ্চম মিনিটে বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে ছয় গজ বক্সে বল বাড়ান তিনি, আর প্রতিপক্ষের দুই জনের মাঝ দিয়ে ছুটে নিখুঁত শটে দলকে এগিয়ে নেন সান্ডারল্যান্ড ফরোয়ার্ড ব্রবি।
ম্যাচ শেষে প্রথম গোলটি নিয়ে আলাদাভাবে কথা বলেন কোম্যান,‘ প্রথম গোলটিতে আপনি (কোচ হিসেবে) চাওয়া অনুযায়ী সবই দেখতে পেয়েছেন। কোডি কাছ থেকে চমৎকার একটি পাস ছিল এবং এটা আমাদের দারুণ শুরু এনে দিয়েছে। এমন শুরু আত্মবিশ্বাস যোগায়।’
আসরে নিজেদের প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে দুই দফায় এগিয়ে গিয়েও জিততে পারেনি নেদারল্যান্ডস। তাই বড় এই জয় তাদের জন্য স্বস্তির সুবাতাস নিয়ে এসেছে। কোম্যান বলেন, সুইডেনের বিপক্ষে জয়টি তাদের জন্য খুব প্রয়োজন ছিল। হ্যাঁ, অবশ্যই এই জয় আমাদের দরকার ছিল। কোনো টুর্নামেন্টে সবাই ভালো শুরুই চায়। এটা মানসিকভাবে শান্তি দেয়। আর আমাদের জেতার জন্য কিছুটা চাপও ছিল। তা না হলে, সবকিছু গ্রুপ পর্বের শেষ ম্যাচের ওপর নির্ভর করত, যা কেউই চায় না।’
‘আমরা অনেক কিছুই ভালো করেছি। তবে ৫-১ ব্যবধানের জয়ের পরেও কিছু মুহূর্তে দেখা গেছে যে, প্রতিপক্ষ যখন তাদের খেলার কৌশল পরিবর্তন করেছিল, সেটি ধরতে আমাদের বেশ কিছুটা সময় লেগেছে। এটা দারুণ জয় ছিল, তবে এমন কিছু ঘটনাও ঘটেছে যা দেখে মনে হতে পারে- ‘কিছু জায়গায় আরও উন্নতি করতে হবে।’ তা না হলে একে একটি নিখুঁত ম্যাচ বলা যেত। এই ম্যাচটি অবশ্য নিখুঁত হওয়ার খুব কাছাকাছি ছিল।’
আগামী শুক্রবার বাংলাদেশ সময় ভোরে তিউনিসিয়ার মুখোমুখি হবে নেদারল্যান্ডস।