কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ও জনবল সংকটের পাশাপাশি আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে ক্যাথল্যাব, ডায়ালাইসিস মেশিন, এমআরআইসহ প্রয়োজনীয় আধুনিক সরঞ্জাম ও নতুন কয়েকটি বিভাগ চালুর দাবি জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে হাসপাতালের বর্তমান সমস্যা, চিকিৎসাসেবার চাহিদা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে জানানো হয়, রোগীর চাপ বাড়লেও প্রয়োজনের তুলনায় হাসপাতালে চিকিৎসক ও অন্যান্য জনবল অপ্রতুল। চিকিৎসাসেবা আরও আধুনিক ও গতিশীল করতে হাসপাতাল অটোমেশনের পাশাপাশি হৃদরোগীদের চিকিৎসায় ক্যাথল্যাব স্থাপনের প্রয়োজন রয়েছে।
এ ছাড়া বর্তমানে তিন শিফটে ডায়ালাইসিস কার্যক্রম পরিচালিত হলেও প্রায় ২০০ রোগী ডায়ালাইসিসের জন্য অপেক্ষমাণ রয়েছেন। এ কারণে ডায়ালাইসিস মেশিনের সংখ্যা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা জানানো হয়।
উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে এমআরআই, সি-আর্ম, এন্ডোস্কোপি, কলোনোস্কপি ও ল্যাপারোস্কোপিক মেশিনসহ বিভিন্ন আধুনিক চিকিৎসা সরঞ্জাম চেয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
চিকিৎসাসেবার পরিধি বাড়াতে বার্ন ইউনিট, ইউরোলজি, নিউরোসার্জারি ও ইমার্জেন্সি বিভাগ চালুর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।
হাসপাতালের অবকাঠামো ও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নেও বেশ কিছু দাবি জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে হাসপাতালের জন্য ডেডিকেটেড বিদ্যুৎ লাইন, স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন, আনসার সদস্য বাড়ানো, হাসপাতাল ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ এবং হাসপাতালের সামনের সড়ক প্রশস্ত করা।
মিট দ্য প্রেসে সাংবাদিকরা হাসপাতালের বিভিন্ন সমস্যা, রোগীদের ভোগান্তি এবং এসব সমস্যা সমাধানে কর্তৃপক্ষের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করেন।
এ সময় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ইসলাম হাসপাতালের বিভিন্ন চাহিদা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্য, প্রয়োজনীয় চিকিৎসক, জনবল, আধুনিক সরঞ্জাম ও অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করা গেলে কিশোরগঞ্জসহ আশপাশের জেলার মানুষের উন্নত চিকিৎসার সুযোগ আরও বাড়বে।