বৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

৫ বছরে কর-জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী

ঢাকা ইনফো২৪
জুন ১৮, ২০২৬ ৫:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা: আগামী ৫ বছরের মধ্যে কর-জিডিপি অনুপাত ১০ শতাংশে এবং ২০৩৫ সালের মধ্যে তা ১৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যে কর ফাঁকির বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ একগুচ্ছ পরিকল্পনা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশনের নবম দিন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুল্লাহর এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এই পরিকল্পনা তুলে ধরেন।

এদিন প্রধানমন্ত্রী সংসদে উপস্থিত ছিলেন না এবং নির্ধারিত প্রশ্নের লিখিত জবাব টেবিলে উপস্থাপন করা হয়।
সংসদ সদস্য তার প্রশ্নে ২০২৪-২৫ অর্থবছর অনুযায়ী বাংলাদেশের কর-জিডিপি অনুপাত প্রায় ৭.৩ শতাংশ হতে ৮ শতাংশের মধ্যে থাকার বিষয়টি উল্লেখ করে ছোট অর্থনীতি হওয়া সত্ত্বেও নেপালে এই হার প্রায় ২৩.১ শতাংশ হওয়ার বাস্তবতায় বাংলাদেশের পরিকল্পনা জানতে চান।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে কর-জিডিপি অনুপাত বৃদ্ধির লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে এবং ইতোমধ্যে জাতীয় রাজস্ব বোর্ড একটি মিডিয়াম অ্যান্ড লং-টার্ম রেভিনিউ স্ট্র্যাটেজি (এমএলটিআরএস) গ্রহণ করেছে।

রাজস্ব খাতের সংস্কার ও আধুনিকায়ন নিয়ে প্রধানমন্ত্রী বিস্তারিত তথ্য প্রদান করেন। তিনি বলেন, কর-জিডিপি বৃদ্ধির লক্ষ্যে বিভাগের এন্ড-টু-এন্ড ডিজিটালাইজেশন কার্যক্রম গ্রহণ, অনলাইন উৎসে কর কর্তন ব্যবস্থাপনার সম্প্রসারণ এবং অপ্রয়োজনীয় কর ছাড় ও কর অব্যাহতি কমিয়ে রাজস্ব ব্যয় হ্রাস করা হচ্ছে। কর আইন সরলীকরণ করা হয়েছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সংগৃহীত তথ্য বিশ্লেষণ ও কর ঝুঁকি নির্ধারণ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, বিভিন্ন শিল্পখাতভিত্তিক গড় সূচক ব্যবহারপূর্বক ঝুঁকি-ভিত্তিক নিরীক্ষা ও অনুসন্ধান কার্যক্রম জোরদার করার পাশাপাশি করদাতার তথ্যভান্ডার সমৃদ্ধকরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, করদাতাদের জন্য এআই ভিত্তিক অনলাইন সেবা কার্যক্রম গ্রহণ এবং কর আইন প্রতিপালনে সচেতনতা বৃদ্ধিকল্পে কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী রাজস্ব আদায় বাড়াতে সরকারের স্বল্প ও দীর্ঘমেয়াদি কৌশলগুলো সংসদে পেশ করেন। তিনি বলেন, ট্যাক্স এক্সপেন্ডিচার পলিসি অ্যান্ড ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক ২০২৬ প্রণয়ন ও তা বাস্তবায়নপূর্বক ট্যাক্স এক্সপেন্ডিচার যথাসম্ভব কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পোস্ট ক্লিয়ারেন্স অডিট, মামলা ও বকেয়া, নিলাম, ব্যাংক গ্যারান্টি নগদায়ন, অনিষ্পন্ন চালান এবং ডিফার্ড পেমেন্ট ইত্যাদি খাত হতে অতিরিক্ত রাজস্ব আদায় কার্যক্রম জোরদার করার উদ্যোগ নিয়েছে সরকার। এছাড়া ন্যাশনাল ট্যারিফ পলিসি ২০২৩ এবং কাস্টমস স্ট্র্যাটেজিক প্ল্যান ২০২৪–২০২৮ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে তিনি জানান।

প্রধানমন্ত্রী বলেন, এসব পরিকল্পনা বাস্তবায়নের ফলে ৫ বছরের মধ্যে কর-জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে। অধিকন্তু, ২০৩৫ সালের মধ্যে এই অনুপাত ১৫ শতাংশে উন্নীতকরণের লক্ষ্যে স্ট্রেংথেনিং ডোমেস্টিক রেভিনিউ মোবিলাইজেশন প্রজেক্ট বাস্তবায়ন এবং কর অব্যাহতি পর্যায়ক্রমে যৌক্তিকীকরণসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন