পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানিয়েছেন, প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে সরকার নানামুখী উদ্যোগ অব্যাহত রেখেছে। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ভিসা প্রাপ্তি সহজ হবে এবং বর্তমান স্থবিরতা কাটিয়ে শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৩তম দিনে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর ইকবালের লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিকেল তিনটা থেকে অনুষ্ঠিত অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম সভাপতিত্ব করেন এবং বিভিন্ন প্রশ্ন উত্থাপন করা হয়।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ভারতসহ দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বর্তমানে সৌহার্দ্য, বন্ধুত্ব ও সংহতির ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে, যার মূল ভিত্তি অভিন্ন মূল্যবোধ।
ড. খলিলুর রহমান বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই সার্বভৌম সমতা, ন্যায্যতা এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে জাতীয় স্বার্থকে সমুন্নত রেখে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে।
ভিসা সংক্রান্ত জটিলতা নিরসনের বিষয়ে ড. খলিলুর রহমান বলেন, ভারতের সঙ্গে ভিসা প্রক্রিয়া সহজতর করতে সরকার ইতোমধ্যেই কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। সম্প্রতি ভারত সফরে সেদেশের পররাষ্ট্রমন্ত্রী, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। ওই বৈঠকগুলোতে বাংলাদেশি নাগরিকদের জন্য ভ্রমণ ও ব্যাবসায়িক ভিসার প্রক্রিয়া পুনরায় স্বাভাবিক করার বিষয়ে জোরালো আহ্বান জানানো হয়েছে। এ আলোচনার পরিপ্রেক্ষিতে দ্রুতই ভিসা সংক্রান্ত বিষয়ে ইতিবাচক পরিবর্তন আসবে।
কুশল/সাএ
