লালমনিরহাটে মাদক মামলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হুমায়ুন আহমেদ কবিরসহ দুইজনকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে আসামিদের উপস্থিতিতে লালমনিরহাট স্পেশাল ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. রওশন আলম এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্তরা হলেন- আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন আহমেদ কবির এবং একই উপজেলার রোজবাগ টিপের বাজার গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে সেকেন্দার আলী (৪৫)।
জানা গেছে, ২০১২ সালের ১৬ মে একটি পিকআপ ভ্যানে ভুট্টার আড়ালে ৩৪৪ বোতল ফেনসিডিল ঢাকায় পাচার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট ট্রাকস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ওই মাদকসহ হুমায়ুন আহমেদ কবির ও সেকেন্দার আলীকে আটক করে। এ ঘটনায় লালমনিরহাট সদর থানার তৎকালীন এসআই আসাদুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) অ্যাডভোকেট জিন্নাত আরা ফেরদৌসী রোজি।
