বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক এনআরআই প্রবাসী যুবকের কাছ থেকে প্রায় ৯ কোটি ৩৫ লাখ ভারতীয় রুপি হাতিয়ে নেওয়ার অভিযোগে আলোচনায় তেলুগু অভিনেত্রী আশু রেড্ডি। এ ঘটনায় করা এফআইআর বাতিল চেয়ে তিনি তেলেঙ্গানা হাইকোর্ট-এ আবেদন করলে আদালত রাজ্য সরকারের কাছে মামলার বিস্তারিত তথ্য তলব করেছেন।
অভিযোগ অনুযায়ী, লন্ডনপ্রবাসী সফটওয়্যার ইঞ্জিনিয়ার ওয়াইভি ধর্মেন্দ্রর বাবা সত্যনারায়ণ দাবি করেন, ২০১৮ থেকে ২০২৫ সালের মধ্যে তার ছেলের সঙ্গে আশু রেড্ডির প্রেমের সম্পর্ক ছিল। এই সময়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অভিনেত্রী ওই যুবকের কাছ থেকে প্রায় ৫ কেজি স্বর্ণ, বিলাসবহুল গাড়ি এবং একাধিক ফ্ল্যাট নিয়েছেন, যা তার নামেই রেজিস্ট্রি করা হয়েছে।
ধর্মেন্দ্রর দাবি, তিনি মোট ৯ কোটি রুপির বেশি লেনদেনের প্রমাণ পুলিশের কাছে জমা দিয়েছেন। এ মামলায় আশু রেড্ডির বোনকেও আসামি করা হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন আশু রেড্ডি। আদালতে দাখিল করা আবেদনে তিনি বলেন, ওই যুবক স্বেচ্ছায় এবং নিজের ইচ্ছায় এসব খরচ করেছেন, যাতে তার পরিবারের মন জয় করা যায়। এখানে কোনো প্রতারণা বা জোরাজুরি ছিল না বলে দাবি করেন তিনি। একই সঙ্গে নিজের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই এ মামলা করা হয়েছে বলেও অভিযোগ করেন।
এদিকে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, যেখানে আশু রেড্ডিকে দেড় কোটি টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিতে শোনা যায়।
আদালত মামলাটির পরবর্তী শুনানির দিন আগামী ৪ মে নির্ধারণ করেছেন। তদন্ত অব্যাহত থাকবে কি না, সে বিষয়েও আদালত নজর রাখছেন।
তথ্যসূত্র: দ্যা সিয়াসাত ডেইলি
