চলতি মে মাসে দেশে চরম আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, একদিকে তীব্র তাপপ্রবাহ, অন্যদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা—দুই মিলিয়ে মাসজুড়ে অস্থির আবহাওয়া বিরাজ করতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, মে মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে অন্তত একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে তাপমাত্রা বৃদ্ধির বিষয়েও সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। মাসজুড়ে এক থেকে তিনটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। পাশাপাশি অন্তত একটি তীব্র তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, সদ্য বিদায়ী এপ্রিল মাসের আবহাওয়া ছিল অস্বাভাবিক। যেখানে এপ্রিলে গড়ে ১১৯ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার কথা, সেখানে এবার রেকর্ড করা হয়েছে ১৯৬ মিলিমিটার—যা স্বাভাবিকের তুলনায় প্রায় ৭৬ শতাংশ বেশি। বিশেষ করে সিলেট অঞ্চলে স্বাভাবিকের দ্বিগুণেরও বেশি বৃষ্টিপাত হয়েছে।
মে মাসের পূর্বাভাসে আরও বলা হয়েছে, ৫ থেকে ৮ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ২ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতও হতে পারে।
সামগ্রিক পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।