ভারতের তামিলনাড়ু রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। অভিনেতা ও তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে)-এর প্রধান থালাপতি বিজয় সরকার গঠনের লক্ষ্যে কংগ্রেসের সমর্থন চেয়েছেন।
মঙ্গলবার (৫ মে) এ তথ্য জানিয়েছেন কংগ্রেস নেতা কেসি ভেনুগোপাল। তিনি জানান, বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে কংগ্রেসের তামিলনাড়ু ইউনিট বুধবার সকালে চেন্নাই শহরে বৈঠকে বসবে।
ভেনুগোপাল বলেন, রাজ্যে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন সরকার চায় না কংগ্রেস। তাদের মতে, জনগণের ম্যান্ডেট একটি ‘ধর্মনিরপেক্ষ সরকার’-এর পক্ষে গেছে।
সংবাদমাধ্যম এনডিটিভি সূত্রে জানা গেছে, কংগ্রেস টিভিকে-কে সমর্থন দেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করছে এবং এ সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য ইউনিটকে দিয়েছে। এছাড়া আরও কয়েকটি দল নতুন সরকারে যুক্ত হতে পারে বলে ইঙ্গিত মিলেছে, যদিও তাদের নাম প্রকাশ করা হয়নি।
তামিলনাড়ু কংগ্রেসের ইনচার্জ গিরিশ চোডাঙ্কার নিশ্চিত করেছেন, বিজয় আনুষ্ঠানিকভাবে তাদের কাছে সমর্থন চেয়েছেন। তিনি বলেন, ‘আমরা বিষয়টি বিবেচনা করছি। আমাদের পারফরম্যান্স খুব ভালো হয়নি। বিজয়ের পক্ষে তরুণ ও নারীদের মধ্যে বড় সমর্থন দেখা গেছে।’
নির্বাচনে টিভিকে ১০৮টি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে। তবে ২৩৪ সদস্যের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন, যা কোনো দলই অর্জন করতে পারেনি। ফলে রাজ্যে এখন জোর রাজনৈতিক দর-কষাকষি চলছে।
এদিকে বিজয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রতিক্রিয়া জানিয়ে সমর্থকদের ধন্যবাদ জানান। তিনি লেখেন, ‘দল গঠনের পর অনেক বাধার মুখোমুখি হতে হয়েছে, কিন্তু আমরা জনগণের ওপর ভরসা রেখে এগিয়ে গেছি।’
তিনি আরও বলেন, ‘টিভিকে-র এই অর্জন শুধু দলের নয়, এটি গণতন্ত্রেরও বিজয়।’