শনিবার , ১৬ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

জামালপুরে বিএনপি কার্যালয়ে আগুন, এলাকায় উত্তেজনা

ঢাকা ইনফো২৪
মে ১৬, ২০২৬ ২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় স্থানীয় বিএনপির একটি কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিন্ন্যাফৈর নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিন্ন্যাফৈর নতুন বাজারে ২ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যক্রম পরিচালনার জন্য দলীয় সিদ্ধান্তে একটি কার্যালয় খোলা হয়েছিল। চলতি বোরো মৌসুমে ধান কাটার ব্যস্ততার কারণে টানা তিন দিন কার্যালয়টি তালাবদ্ধ ছিল।

শনিবার সকালে সুলতান ভূঁইঞা নামে এক ব্যক্তি বাজারের একটি ফার্মেসিতে ওষুধ কিনতে এসে অফিসের বাইরের তালা খোলা দেখতে পান। পরে সন্দেহ হলে তিনি ভেতরে গিয়ে দেখেন, কার্যালয়ের ব্যানার, ফেস্টুন, টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র আগুনে পুড়ে গেছে।

খবর পেয়ে ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। পরে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। এক যৌথ বিবৃতিতে পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশিদ ফকির, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আ. মজিদ এবং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন দাবি করেন, “এ ঘটনা বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসরদের কাজ। দলীয় সিদ্ধান্তের কারণে তাদের ছাড় দেওয়া হচ্ছে বলেই তারা এমন দুঃসাহস দেখাচ্ছে।”

তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সরিষাবাড়ী থানার তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তবে এখনো কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে পুলিশ ও স্থানীয়দের ধারণা, এটি কোনো দুর্বৃত্ত চক্রের কাজ। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।