বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং টরন্টো মেট্রোপলিটন ইউনিভার্সিটির (টিএমইউ)-এর মধ্যে শিক্ষা ও গবেষণা সহযোগিতা জোরদারের লক্ষ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
শনিবার (১৬ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়। জানা গেছে, এই সমঝোতার আওতায় যৌথ স্নাতকোত্তর ও উচ্চতর ডিগ্রি প্রোগ্রাম, ভিজিটিং গবেষণা শিক্ষার্থীদের তত্ত্বাবধান, প্রকল্পভিত্তিক সহযোগিতা, সম্মেলন, সেমিনার, শিক্ষক বিনিময় এবং গবেষণা সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে যৌথ কার্যক্রম পরিচালিত হবে। বুয়েট বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রকৌশল, স্থাপত্য, পরিকল্পনা ও প্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে সুপরিচিত।
অন্যদিকে, কানাডার টরন্টোভিত্তিক টিএমইউ উদ্ভাবনী ও গবেষণাভিত্তিক উচ্চশিক্ষা কার্যক্রমের জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত। বুয়েটের পক্ষ থেকে এই আন্তর্জাতিক সহযোগিতা উদ্যোগ গ্রহণ ও সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন স্থাপত্য বিভাগের অধ্যাপক ড খন্দকার সাব্বির আহমেদ এবং টিএমইউ-এর পক্ষ থেকে অধ্যাপক লিসা ল্যানড্রাম।
এই সমঝোতার মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থী, গবেষক ও শিক্ষকদের জন্য আন্তর্জাতিক একাডেমিক বিনিময়, আন্তঃবিষয়ক গবেষণা এবং বৈশ্বিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
সালাউদ্দিন/সাএ