ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ভূমিসেবা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের সহজে সেবা প্রদান নিশ্চিত করতে আগামী ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত সারাদেশের মতো ব্রাহ্মণবাড়িয়াতেও অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’।
রবিবার (১৭ মে) দপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত তারেক রহমান এমপি ১৯ মে সকাল ১০টায় জাতীয় পর্যায়ে আয়োজিত ‘ভূমিসেবা মেলা ২০২৬’-এর উদ্বোধন করবেন। একই সময়ে ভার্চুয়ালি যুক্ত থাকবে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন।
মেলার অংশ হিসেবে ১৮ মে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
এছাড়া ১৯ মে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে র্যালি ও মেলার উদ্বোধন অনুষ্ঠিত হবে। পরে সকাল ১০টায় জাতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত থাকা এবং দুপুর ১২টায় সার্কিট হাউজস্থ হলরুমে মেলার স্টল পরিদর্শনের আয়োজন করা হয়েছে।
মেলার শেষ দিন ২১ মে সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “Automated Land Management System: The Changes, Development and Way Forward” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসন জানায়, প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করা হবে। নাগরিকরা মেলার স্টল থেকে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারির আবেদন ও প্রক্রিয়াকরণ, জমাখারিজ রিভিউ মামলা, ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ আবেদন ও চেক গ্রহণ, খতিয়ানের সার্টিফায়েড কপি সংগ্রহ, রেকর্ড সংশোধন, করণিক ভুল সংশোধন, রি-স্ট্যাম্পিং মামলা নিষ্পত্তিসহ বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন।
এছাড়া সেবাগ্রহীতাদের ভূমি সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর ও পরামর্শও প্রদান করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।