পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। রোববার (১৭ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী পৌরসভার শান্তিনগর লেন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন মোঃ মনিরুজ্জামান মেহেদী (২৪) ও মোঃ জাহিদুল ইসলাম (২৯)। ডিবি পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে তারা এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল এবং গোপনে ইয়াবা বিক্রি করে আসছিল।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ডিবির একটি বিশেষ টিম শান্তিনগর লেন এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই তাদের আটক করা হয়।
ডিবি পুলিশ আরও জানায়, জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আজ সোমবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।