ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের পাথরঘাটা উপজেলার শিক্ষকরা সংবাদ সম্মেলন করেছেন।
সোমবার (১৮ মে) সকাল ১১টায় পাথরঘাটা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শিক্ষকরা তাদের দীর্ঘদিনের দাবি, কর্মপরিস্থিতি ও পেশাগত অনিশ্চয়তার বিভিন্ন দিক তুলে ধরেন।
মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর শিক্ষকদের পাথরঘাটা উপজেলার সভাপতি মাও. আসাদুল্লাহ সংবাদ সম্মেলনে বলেন, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পটি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর উদ্যোগে ১৯৯৩ সালে চালু হওয়া দেশের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নমূলক কর্মসূচি, যার মাধ্যমে ধর্মীয় শিক্ষা, নৈতিকতা চর্চা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখা হচ্ছে।
শিক্ষকরা জানান, স্বল্প ভাতা ও অনিশ্চিত কর্মপরিবেশেও তারা দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে পাঠদানসহ যাকাত উদ্বুদ্ধকরণ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। তবে গুরুত্বপূর্ণ অবদান সত্ত্বেও প্রকল্পভিত্তিক হওয়ায় তাদের চাকরি এখনো অনিশ্চিত ও জীবন নিরাপত্তাহীন অবস্থায়
প্রকল্পের শিক্ষকদের সরকারি গ্রেড অনুযায়ী বেতন-ভাতা প্রদান এবং চাকরির স্থায়িত্ব নিশ্চিত করে সামাজিক নিরাপত্তার দাবি জানিয়েছেন শিক্ষকরা।