সোমবার , ১৮ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঢাবির ১০ শিক্ষার্থী পেলেন ‘অধ্যাপক ড. আবুল কালাম মনজুর মোরশেদ’ বৃত্তি

ঢাকা ইনফো২৪
মে ১৮, ২০২৬ ৩:৩০ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষাবিজ্ঞান বিভাগের বিভিন্ন বর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় ১০ জন শিক্ষার্থীকে ‘অধ্যাপক ড. আবুল কালাম মনজুর মোরশেদ ট্রাস্ট ফান্ড’ বৃত্তি প্রদান করা হয়েছে।

সোমবার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এবং ট্রাস্ট ফান্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে ‘অধ্যাপক ড. আবুল কালাম মনজুর মোরশেদ: স্মৃতি সত্তায় অনন্ত’ শীর্ষক স্মারক বক্তৃতা প্রদান করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক ও ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো আবুল কালাম সরকার। স্বাগত বক্তব্য দেন ট্রাস্ট ফান্ডের দাতা প্রয়াত অধ্যাপক ড. আবুল কালাম মনজুর মোরশেদ-এর কন্যা মনজুলা মোরশেদ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ভাষাবিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন ড. মনিরা বেগম। অনুষ্ঠান সঞ্চালন করেন বিভাগীয় প্রভাষক মোহাম্মদ ইনজামাম।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, রিয়া আক্তার, মো. আলামীন মিয়া, বন্যা বসু, মো. মহিবুল্লাহ, মোছা. শরিফা আক্তার, আলফি শাহরিন বুশরা, মোছা. রিয়া আক্তার, জান্নাতুল ফেরদৌস মীম, হাসনাদাদ খান স্বচ্ছ এবং আসমা আক্তার।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রয়াত অধ্যাপক ড. আবুল কালাম মনজুর মোরশেদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি তাঁর কাজের মাধ্যমে আমাদের মাঝে বেঁচে থাকবেন। তিনি ছিলেন সমাজ চিন্তক, গবেষক, সর্বোপরি একজন পন্ডিত ব্যক্তি। তাঁর বিনয়াচরণ সকলের জন্য অনুকরণীয়।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে উপাচার্য বলেন, এমন একজন পন্ডিত ব্যক্তিকে শ্রদ্ধাভরে স্মরণ রাখতে হবে এবং তাঁর কর্ম ও চিন্তাকে বাঁচিয়ে রাখতে হবে।

উল্লেখ্য, একুশে পদকসহ বিভিন্ন সম্মাননা ও পুরস্কারে ভূষিত ভাষাবিজ্ঞানী অধ্যাপক ড. আবুল কালাম মনজুর মোরশেদ ১৯৩৮ সালে জন্মগ্রহণ করেন এবং ২০২৩ সালে ইন্তেকাল করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ এবং ভাষাবিজ্ঞান বিভাগে তিনি অধ্যাপনা করেন।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।